ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নির্মাণাধীন একটি টানেল ধসে নিহতের সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে।

গত বৃহস্পতিবার (১৯ মে) জম্মু-কাশ্মীরের রাম্বান জেলায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতেরা টানেলটিতে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিলেন। তাদের মধ্যে একজন নেপালের নাগরিক।

এনডিটিভির প্রতিবেদনের তথ্য মতে, জম্মু-শ্রীনগর হাইওয়ের খনি নাল্লাহ এলাকায় নির্মাণাধীন একটি টানেলে খননকাজ করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ ওপর থেকে পাথরের ঢল নেমে আসলে টানেলটি ধসে পড়ে। ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে স্থানীয় প্রশাসন।

তবে শুক্রবার সন্ধ্যার দিকে ফের ঘটনাস্থলে ভূমিধসের ঘটনা ঘটলে উদ্ধার তৎপরতা সাময়িকভাবে স্থগিত করা হয়। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর্মে অবহেলার অভিযোগ এনে মামলা দায়ের করেছে পুলিশ। সূত্র : এনডিটিভি।