জেরুজালেম বিক্রির জিনিস নয় এবং ফিলিস্তিনি জনগণের অধিকার নিয়ে দর কষাকষি চলবে না বলে জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনের বিতর্ক পর্বে জেরুজালেম প্রসঙ্গ ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মাহমুদ আব্বাস এই কথা বলেন।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেন, “জেরুজালেম বিক্রির জিনিস নয় এবং ফিলিস্তিনি জনগণের অধিকার নিয়ে দর কষাকষি চলবে না।”  স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে সমর্থন দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছেন আব্বাস।

সেইসঙ্গে ইসরাইলের বিরুদ্ধে পাস হওয়া প্রস্তাব কার্যকর করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। জাতিসংঘের সংবাদভিত্তিক ওয়েবসাইট ইউএন নিউজ।

জেরুজালেমকে দর কষাকষির বিষয়বস্তুতে পরিণত না করতে দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে মাহমুদ আব্বাস বলেন, “জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়া হলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না।”

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে ফিলিস্তিনি সবসময় আন্তরিক বলে দাবি করেছেন আব্বাস। তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে শান্তিপুর্ণ সমাধানে পৌঁছাতে আরব শান্তি উদ্যোগসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভিন্ন উদ্যোগের সঙ্গে আমরা সবসময় পূর্ণাঙ্গ ও ইতিবাচকভাবে শামিল হয়েছি।”    

মাহমুদ আব্বাসের দাবি, ওয়াশিংটন ডি.সিতে পিএলও’র কার্যালয় বন্ধ করে দেওয়া, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি এবং মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত কেবল জাতিসংঘের সমাধান প্রস্তাবকেই লঙ্ঘন করেনি, দ্বি-রাষ্ট্র সমাধানকেও খর্ব করেছে। তার মতে, এইসব সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতা করার যোগ্যতা হারিয়েছে মার্কিন প্রশাসন। 

উল্লেখ্য, গত বছরের ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেওয়ারও ঘোষণা দেন তিনি। চলতি বছরের মে মাসে জেরুজালেমে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত বাস্তবায়ন করে মার্কিন প্রশাসন।

প্রতিবাদে ফিলিস্তিনসহ বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। এরপর জেরুজালেম বিষয়ে যেকোনও সিদ্ধান্ত অকার্যকর ঘোষণা করে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাস করা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদে ভোট হলে মার্কিন স্বীকৃতি প্রত্যাখ্যানের প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১২৮টি দেশ। বিপরীতে ট্রাম্পের প্রস্তাবের পক্ষে ভোট দেয় মাত্র ৯টি দেশ। আর ভোটদান থেকে বিরত ছিল ৩৫ দেশ।

যুক্তরাষ্ট্রের ইসরাইলস্থ দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেওয়ার পর বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) প্রথমবারের মতো সাধারণ অধিবেশনে বক্তব্য দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।   

এমবি