ভারতের রাজধানী দিল্লিতে চারতলা একটি ভবন ধসে চার নারীসহ কমপক্ষে পাঁচজনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছেন। এছাড়া একজন নিখোঁজের খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

এর আগে প্রাথমিকভাবে ৩ জনের প্রাণহানির খবর জানায় সংবাদমাধ্যম।

শনিবার রাত পৌনে ৯টার দিকে পশ্চিম দিল্লির বিষ্ণু গার্ডেন এলাকায় এ ঘটনা ঘটে।

দিল্লির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (ডিডিএমএ) একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

পশ্চিম দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার পুষ্পেন্দ্র কুমার জানান, ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে।

স্থানীয় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ও স্থানীয় পুলিশ ফোর্স উদ্ধার অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।

ভবনটির পাশেই আরেকটি ভবনের নির্মাণ কাজ চলছিল। তবে সংশ্লিষ্টরা চারতলা ভবনটির ধসে পড়ার জন্য পাশের ভবনের নির্মাণ কাজকে দায়ী করেননি।

এসএইচ