মালয়েশিয়া পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

‘কুয়ালালামপুর সামিট-২০১৯’ -এ অংশ নিতে বুধবার (১৮ ডিসেম্বর) কুয়ালালামপুরের উদ্দেশে আঙ্কারা ত্যাগ করেন তিনি।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সির খবরে বলা হয়, প্রেসিডেন্ট এরদোগান কুয়ালালামপুর পৌঁছালে সেখানে মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী জুলকেফ্লি আহমদ ও কুয়ালালামপুরে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মেরভে কাভাকি তাকে স্বাগত জানান।

এরদোগানের সঙ্গে ফার্স্ট লেডি এমিনি এরদোগান, পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু, অর্থমন্ত্রী বেরাত আলবায়রাক, প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার, শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মোস্তফা বারানকসহ ক্ষমতাসীন একে পার্টির কয়েকজন নেতাও রয়েছেন।

গত মাসে ‘কুয়ালালামপুর সামিট-২০১৯’ নামে তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং কাতারকে সঙ্গে নিয়ে নতুন এক পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ।

১৮ থেকে ২১ ডিসেম্বর ‘কুয়ালালামপুর সামিট-২০১৯’ নামে অনুষ্ঠিত এই সম্মেলনের এজেন্ডা হিসেবে গুরুত্বসহকারে থাকছে- উন্নয়ন ও সার্বভৌমত্ব, অখণ্ডতা ও সুশাসন, সংস্কৃতি ও পরিচয়, ন্যায়বিচার ও স্বাধীনতা, শান্তি-সুরক্ষা ও প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ এবং প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবস্থাপনা।

এমবি