জাতিসংঘের স্থায়ী মিশনে আল্লার নাম নিয়ে দেয়া বক্তব্য প্রত্যাহার করে আবদুল গাফফার চৌধুরীকে তওবা পড়ার আহ্বান জানিয়েছে নিউ ইয়র্কের বিভিন্ন মসজিদের ইমাম ও শীর্ষ ওলামায়ে কেরাম।
সোমবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে সাংবাদিক গাফফার চৌধুরীর দেয়া মন্তব্যের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তারা।
অন্যথায় গাফফার চৌধুরীরকে যুক্তরাষ্ট্রের মাটিতে কোনো ধরণের অনুষ্ঠানে যোগ দিতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তারা।
জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম আবু জাফর বেগের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মুফতি ফায়েক উদ্দিন, মাওলানা রফিক আহম্মেদ রেফায়ি, মাওলানা জাকারিয়া মাহমুদ, মুফতি মুহাম্মদ ইসমাইল, মাওলানা মাহমুদুল ইসলাম, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা রহমত উল্লাহ মজিদি, মাওলনা আবদুল মুকিত, মুফতি মুহাম্মদ সাইদ, মাওলানা মাশুক আহমেদ, হাফেজ রফিকুল ইসলাম, মাওলানা আতাউর রহমান, মাওলানা কুতুব উদ্দিন মাহমুদ, মাওলানা শহিদ উল্লাহ , মাওলানা রশীদ আহম্মেদ ও ডা. ওয়াহিদুর রহমান।
এতে তারা সাংবাদিক গাফফার চৌধুরীর বক্তব্যের প্রতিবাদে কুরআন হাদীসের দৃষ্টি ভঙ্গি তুলে ধরেন। বক্তব্য প্রত্যাহার না করলে ওলামায়ে কেরাম যুক্তরাষ্ট্র সরকারের সরণাপন্ন হবেন বলেও জানানো হয়।
জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব মাওলানা আবু জাফর বেগ বলেন, আবদুল গাফফার চৌধুরী আল্লাহর নাম নিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে তিনি মুরতাদ হয়ে গেছেন। আমরা তাকে বক্তব্য প্রত্যাহার করে তওবা করার সুযোগ দিচ্ছি।
মুফতি ফায়েক উদ্দিন বলেন, তিনি কুরআনে বর্ণিত পর্দা প্রথা নিয়ে বিদ্রুপ করেছেন। পর্দা প্রথা ওহাবি কিংবা জামায়াতের কোনো বিষয় নয়। পর্দা প্রথার জন্য আল্লাহ সুরা নাজিল করেছেন।
তিনি আরো বলেন, ধর্মীয় বিষয়ে এসব মন্তব্যের মাধ্যমে তিনি ১৬ কোটি মুসলমানের ধর্মীয় বিশ্বাসে আঘাত হেনেছেন।
মাওলানা রফিক আহম্মেদ রেফায়ি বলেন, সাহাবায়ে কেরামের নাম নিয়ে যে বিদ্রুপ মন্তব্য তিনি করেছেন তা ক্ষমার অযোগ্য অপরাধ। তিনি ভূল স্বীকার করে প্রকাশ্যে ঘোষণা দিলে আমরা তাকে বুকে তুলে নিব।
জ্যামাইকা মুসলিম সেন্টারের সভাপতি ডা. ওয়াহিদুর রহমান বলেন, বক্তব্য প্রত্যাহার না করলে বাংলাদেশী কমিউনিটি তাকে নিউ ইয়র্কে কোনো অনুষ্ঠানে যোগ দিতে দিবে না।
এ বিষয়ে বাংলাদেশ সরকার ও যুক্তরাষ্ট্র সরকারকে নিউ ইয়র্কের ওলামায়ে কেরামের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
এমকে





