[b]কাবুল:[/b] আফগানিস্তানের রাজধানী কাবুলে শুক্রবার বিকেলে একটি রেস্তোরায় আত্মঘাতী হামলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও জাতিসংঘের চারজন কর্মচারীসহ ২১ জন নিহত হয়েছেন। আফগানিস্তানের তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।
আফগানিস্তানের উপস্বরাষ্ট্রমন্ত্রী মো. আইয়ুব সালাঙ্গীর বরাত দিয়ে খবরে বলা হয়, শুক্রবার রাতে কাবুলের ওয়াজির আকবর খান এলাকার একটি রেস্তোরাঁয় বিদেশি নাগরিক, কূটনীতিক ও সাহায্য সংস্থার কর্মীসহ বেশ কিছু মানুষ রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় এক আত্মঘাতী হামলাকারী রেস্তোরাঁর বাইরে দরজার সামনে প্রথমে বোমার বিস্ফোরণ ঘটায়। এর পর দুজন বন্দুকধারী ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই দুই বন্দুকধারীকে গুলি করে হত্যা করেন।
হামলায় নিহত আইএমএফের জ্যেষ্ঠ কর্মকর্তার নাম ওয়াবেল আবদাল্লাহ (৬০)। তিনি আইএমএফের আফগানিস্তান কার্যালয়ের প্রধান ছিলেন। ওয়াবেল লেবাননের নাগরিক।
আইএমএফ ও জাতিসংঘ কর্মকর্তা ছাড়া এ হামলার ঘটনায় নিহত অন্যদের মধ্যে একজন লেবানন ও একজন যুক্তরাজ্যের। অন্যরা সবাই আফগানিস্তানের নাগরিক।
আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগার্ড এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। জাতিসংঘের মহাসচিব বান কি মুন এ ঘটনাকে ‘ভয়ংকর হামলা’ বলে উল্লেখ করেছেন। সূত্র: রয়টার্স।