নেপালে বাস খাদে পড়ে ১৭ জন ভারতীয় তীর্থযাত্রী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় আহত হয়েছে আরো ২৫ জন।
বুধবার সকালে রাজধানী কাঠমান্ডু থেকে ১৬ কি.মি পশ্চিমে ধারিং জেলার নৌবিস গ্রামের পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বাসটি কাঠমান্ডু থেকে গোরক্ষপুর যাচ্ছিল। এতে ৪৫ জন যাত্রী ছিল। পাহাড়ি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে ১০০ ফুট গভীর খাদে পড়ে যায় বাসটি। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও উদ্ধারকারী দল।
ধারিং জেলার পুলিশ সুপার বিশ্বরাজ পোখারেল জানান, আহতদের কাঠমান্ডুর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। পাহাড়ি এলাকা হওয়ার দরুণ উদ্ধারকাজে যথেষ্ট বেগ পেতে হচ্ছে।
দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তিনি জানান, পাহাড়ি জঙ্গলে আরো কিছু আহত যাত্রী আটকা পড়ে থাকতে পারেন। যত দ্রুত সম্ভব তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
সূত্র: বিবিসি
এমকে





