হামলাকারী সন্দেহে অন্তত ৮৮ জনকে আটক করেছে সৌদিসরকার। তাদের সঙ্গে আল কায়েদার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। দেশটির নিরাপত্তা বাহিনী মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মানসুর আল তার্কি জানান, আটকদের কার্যক্রম অনেক আগে থেকেই পর্যবেক্ষণ করা হচ্ছিল। অবশেষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু না বললেও মানসুর জানান, আটকদের মধ্যে ৫৯ জনই এর আগেও একই অভিযোগে জেল খেটেছে।
গত কয়েকদিন অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান তিনি। মানসুর বলেন, ‘এ থেকে প্রমাণিত হয়, সরকার সন্ত্রাসীদের ব্যাপারে যথেষ্ট সতর্ক।’
পুলিশ বলেছে, আটকদের মধ্যে তিনজন ইয়েমেনের নাগরিক, একজনের পরিচয় পাওয়া যায়নি। বাকিরা সব সৌদি নাগরিক।
উল্লেখ্য, ইরাক ও সিরিয়ায় যখন ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধারা একের পর এক এলাকার দখল নিচ্ছে তখন সৌদিতে এ ধরনের আটকের ঘটনা ঘটল। বিবিসি সংবাদদাতা জানিয়েছেন, আইএস যোদ্ধাদের অভিযানের পর থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে রিয়াদ সরকার।
ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর





