তাইওয়ানের উত্তরাঞ্চলে একটি ভবনের আগুন নেভাতে গিয়ে মঙ্গলবার ৬ অগ্নিনির্বাপক কর্মী নিহত হয়েছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তাওইউয়ান কাউন্টির একটি ভবনের আংশিক ভেঙে পড়ার পর সেখানে আগুন ধরে যায়। আর সেই আগুন নেভাতে গিয়ে ছয় অগ্নিনির্বাপক কর্মী নিহত হয়। তাদের সবার বয়স ২০ এর কোঠায়।
তাইওয়ান দমকল বিভাগ জানায়, ভবন বিধ্বস্ত ও অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রায় ৯০ দমকল কর্মী ঘটনাস্থলে গিয়ে দুই জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। দমকল কর্মীদের মধ্যে ছয়জন আটকা পড়ে এবং ‘আকস্মিক আগুনের সংস্পর্শে’ এসে তারা নিহত হয়।
অগ্নিনির্বাপক কর্মকর্তা শিহ শোউ-ইয়াং বলেন, ‘ভবনের মধ্যে প্রচুর ধোঁয়া ছিল এবং আমরা দমকল কর্মীদের ভিতরে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা আমাদের সহকর্মীদের ভবনের বাইরে বের হয়ে আসার অনুরোধ করছিলাম। তবে তারা বের হতে পারেনি। আকস্মিক আগুনের সংস্পর্শে এসে তারা নিহত হয়।’
তাওইউয়ান মেয়র চেং ওয়েন-তসান সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। তিনি দমকল কর্মীদের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন।
এমএ





