ঋণের বোঝা মাথায় নিয়ে বেঁচে থাকার চাইতে পাঁচ মাসের বাচ্চাকে বিক্রি করা শ্রেয় বলে মনে করলেন ভারতীয় এক দম্পতি।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানায়, ভারতের কানপুরের বাসিন্দা খালিদ এবং তার স্ত্রী সায়েদা তাদের পাঁচ মাসের সন্তানকে বিক্রি করেন এবং পরবর্তীতে পুলিশের কাছে গিয়ে তাদের সন্তান হারিয়ে গেছে এই মর্মে একটি এফআইআর দায়ের করেন।

কানপুরের এসএসপি শালাভ মাথুরের কাছে এ দম্পতি অভিযোগ করেন যে, গত ২০ জুলাই তাদের পাঁচ সন্তানের সবচেয়ে ছোট সন্তানকে কেউ তুলে নিয়ে গেছে।

পরবর্তীতে পুলিশ এ বিষয়ে তদন্ত করে জানতে পারে, হারিয়ে যায়নি বরং হারুন নামের এক ব্যবসায়ীর কাছে ১.৫ লাখ রুপির বিনিময়ে সন্তানকে তারা বিক্রি করেছেন।

পুলিশ এই দম্পতি এবং হারুন নামের ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি খালিদের বাড়ি থেকে ৬০ হাজার টাকা উদ্ধার করেছে। সায়েদা পুলিশকে জানিয়েছেন, তাদের ঋণ পরিশোধের জন্য খুব অর্থের প্রয়োজন ছিল। সে কারণেই এ ধরনের কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

এ বিষয়ে তিন জনের বিরুদ্ধেই একটি মামলা দায়ের হয়েছে এবং আরো তদন্ত করা হচ্ছে বলে সংবাদ মাধ্যমটি জানিয়েছে।

এমবিএইচ