সাবেক সিআইএ প্রধান লিওন এডওয়ার্ড প্যানেট্টার আত্মজীবনী প্রকাশের জের ধরে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে তার প্রচণ্ড টানাপোড়নের সৃষ্টি হয়েছে।
বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে এবং গোপনীয়তা ভঙ্গের দায়ে সাবেক পরিচালকের বিরুদ্ধে মামলা করতে পারে সিআইএ।
মার্কিন দৈনিক ওয়াশিংটনের খবরে বলা হয়েছে সিআইএ'র চূড়ান্ত অনুমতি ছাড়াই সংস্থাটির সাবেক প্রধান তার আত্মজীবনী প্রকাশ করেছেন।
"ওয়ার্থি ফাইটস" নামের আত্মজীবনী প্রকাশের পর তার বিরুদ্ধে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ আনা হতে পারে। গোপনীয়তা লঙ্ঘনের দায়ে এর আগে সিআইএ’র অনেক কর্মীকেই মামলায় পড়তে হয়েছে।
বইটির প্রকাশক পেঙ্গুইন প্রেসের মুখপাত্র বলেছেন, পর্যালোচনার জন্য চলতি বছরের গোড়ার দিকে মার্কিন প্রতিরক্ষা দফতর এবং সিআইএ’র কাছে বইটি জমা দেয়া হয়েছিল।
বইটি যেনো প্রকাশযোগ্য হয় এবং তাতে যথাযথ ভাবে সত্য তুলে ধরা হয় সে জন্য এ দুই সংস্থার সঙ্গেই ঘনিষ্ঠ ভাবে কাজ করেছেন প্যানেট্টা।
কিন্তু ওয়াশিংটনের পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, প্রকাশের জন্য প্রয়োজনীয় অনুমোদন দিতে সিআইএ অহেতুক বিলম্ব করায় এক পর্যায়ে হতাশ হয়ে ওঠেন মার্কিন সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও সিআইএ পরিচালক প্যানেট্টা।
এ অবস্থায় বিনা অনুমতিতেই বইটি প্রকাশ করবেন বলে সিআইএ’র বর্তমান পরিচালক জন ব্রিনন্যানকে হুমকি দেন তিনি।
অবশ্য, ওয়াশিংটনের পোস্টের প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন প্যানেট্টা ও সিআইএ।
উল্লেখ্য, ২০০৯ সালে হঠাৎ করেই বারাক ওবামা তাকে সিআইএ’র পরিচালকের দায়িত্ব দেন। ২০১১ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন প্যানেট্টা। এরপর তিনি ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেন।





