তিউনিশিয়ায় এই প্রথমবারের মতো নারীর সংখ্যা পুরুষের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। প্রায় ১ কোটি ১০ লাখ জনসংখ্যা অধ্যুষিত দেশটিতে শুক্রবার আদমশুমারির প্রাথমিক ফল প্রকাশিত হয়।

জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের প্রধান হেদি সাঈদী এক সংবাদ সম্মেলনে বলেন, তিউনিশিয়ার জনসংখ্যা ১ কোটি ৯ লাখ ৮২ হাজার ৭৫৪ জনে দাঁড়িয়েছে। ২০০৪ সালে এই সংখ্যা ছিল ৯৯ লাখ। তিনি আরো বলেন, ‘এই প্রথমবারের মতো দেশে নারীর সংখ্যা পুরুষের সংখ্যাকে ছাড়িয়ে গেছে।’

তিনি জানান, সর্বশেষ আদমশুমারি অনুযায়ী, দেশের জনসংখ্যার ৫০ দশমিক ২ শতাংশ নারী। খবর এএফপি’র।

আদমশুমারি পরিচালক লুতফি হিরিজি জানান, স্থায়ী নাগরিকদের পাশাপাশি তিউনিশিয়ায় ছয় মাসের বেশি সময় অবস্থানরত বিদেশী নাগরিকদেরকেও এই শুমারিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে তিউনিশিয়ার যেসব নাগরিক বিদেশে বাস করেন তাদেরকে এতে অন্তর্ভুক্ত করা হয়নি।

উত্তর আফ্রিকার এই দেশটিতে ছয় মাসের বেশি সময় ধরে এই আদমশুমারি চালানো হয়।

উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী নৌরেদ্দিন জিকরী সাংবাদিকদের জানান, পরিকল্পনা অনুযায়ী চলতি বছরই এই আদমশুমারি সম্পন্ন করা হয়। যদিও ২০১১ সালের অভ্যুত্থানের পর পরিস্থিতি অনুকূল ছিল না এবং নিরাপত্তাজনিত উদ্বেগ বিরাজ করছিল।

তিউনিশিয়ায় ১৯৮৪ সালে সর্বপ্রথম আদমশুমারি করা হয়। এরপর থেকে দেশটিতে প্রতি দশ বছর অন্তর এই জরিপ চালানো হয়। ১৯৫৬ সালে স্বাধীনতা লাভের পর থেকে চালানো ষষ্ঠ আদমশুমারির চূড়ান্ত ফলাফল ২০১৫ সালে প্রকাশ করা হবে।

পরিসংখ্যান ব্যুরোর প্রধান সাঈদী জানান, এপ্রিল ও মে মাসে পরিচালিত এই শুমারির ব্যয় ৩ কোটি ৪০ লাখ দিনারের (প্রায় ১৫ মিলিয়ন ইউরো বা ১৯ মিলিয়ন মার্কিন ডলার) বেশি হবে না।

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ