অনেকটা বলেকয়ে আরও ১৬ বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করল মিয়ানমারের জান্তা সরকার।
শনিবার দেশটির সশস্ত্র বাহিনী দিবসেই সামরিক বাহিনীর হাতে প্রাণ হারালেন এসব গণতন্ত্রকামী মানুষ। খবর সিএনএনের।
শনিবার সশস্ত্র বাহিনী দিবস সামনে রেখে আগেই বিশাল বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিল মিয়ানমারের গণতন্ত্রকামী আন্দোলনকারীরা। তবে সেই আন্দোলনে গেলে মাথা ও পিঠে গুলি করা হতে পারে বলে শুক্রবার রাতে হুঁশিয়ারি দেয় সামরিক সরকার।
জান্তাবিরোধী গোষ্ঠী বিআরপিএইচের মুখপাত্র ডা. সাসা বলেন, আজকের দিনটি সশস্ত্র বাহিনীর জন্য লজ্জাজনক। তিন শতাধিক নিরাপরাধ মানুষকে হত্যার পর সশস্ত্র বাহিনী দিবস পালন করছেন জেনারেলরা।
ইয়াঙ্গুনের দালা উপশহরে পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভে জড়ো হওয়া লোকজনের ওপর এলোপাতাড়ি গুলি করে নিরাপত্তা বাহিনী।
ইনসেইন জেলা শহরে তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে স্থানীয় অনূর্ধ্ব-২১ ফুটবল দলে খেলা এক তরুণও রয়েছেন। আর পূর্বের লাশিহো শহরে মারা গেছেন চারজন। ইয়াঙ্গুনের কাছে বাগোতেও আলাদা আলাদা চারটি ঘটনা ঘটেছে।
উত্তরপূর্বের হোপিন শহরে নিহত হয়েছেন এক বিক্ষোভকারী। রাজধানী নেপিডোতে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করার পর ফের নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন শীর্ষ জেনারেল মিন অং হ্লাইং।
তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় পুরো জাতির সঙ্গে মিলে কাজ করতে চায় সেনাবাহিনী। দেশের জনগণকে রক্ষা ও শান্তি প্রতিষ্ঠা করতে চায় সেনাবাহিনী।
এএস





