বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা আজ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সাথে তার সচিবালয়স্থ অফিসে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ, স্যানিটেশন ব্যবস্থা, পানীয় জল সরবরাহ, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা এবং পল্লী উন্নয়নে গৃহীত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

হাইকমিশনার স্যানিটেশনে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি এবং যোগাযোগসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ সরকার গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বর্তমানে শতকরা ৭০ ভাগ সুপেয় পানি আমরা ভূগর্ভস্থ পানির উৎস থেকে সংগ্রহ করছি। তিনি জানান, ভূগর্ভস্থ পানির পরিবর্তে ৭০ ভাগ সুপেয় পানি ভূ-উপরিস্থ উৎস থেকে সংগ্রহের জন্য প্রকল্প গ্রহণ করা হচ্ছে।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সাহায্য-সহযোগিতা ভবিষ্যতে আরো জোরদারকরণে ঐকমত্য পোষণ করা হয়।

স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব রাজেশ ইউকি, দ্বিতীয় সচিব মিস মনুস্মৃতি, রঞ্জন মন্ডল এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সাহায্য-সহযোগিতা ভবিষ্যতে আরো জোরদারকরণে ঐকমত্য পোষণ করা হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়। সূত্র: বাসস

এমআইএস