ইসলামিক স্টেট (আইএস) সংযুক্ত আলজেরীয় জিহাদি সংগঠন জান্দ আল খলিফা হাতে জিম্মি ফরাসি পর্যটক হার্ভে গোর্ডেলকে শিরশ্ছেদ করার ভিডিও প্রকাশিত হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ।
বুধবার ‘ফরাসি সরকারের জন্য রক্তবার্তা’ নামের প্রকাশিত ভিডিওতে গোর্ডেলের হাত বাধা ছিল। তার পিছনে মুখোশ পরা চার জন অস্ত্রধারী দাঁড়িয়ে রয়েছে। ভিডিওর এক মুখপাত্র বলছেন, আলজেরিয়া, মালি ও ইরাকের মুসলিমদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ শুরু করেছে ফ্রান্স। আর তার পরিমাণের ফসল এটি। এই শিরশ্ছেদে সিরিয়া ও ইরাকের খিলাফত নেতাদের সম্মতি রয়েছে বলেও মন্তব্য করেন ওই মুখপাত্র।
আলজেরিয়ার পার্বত্য এলাকায় ভ্রমণরত অবস্থায় গত রোববার গোর্ডেলকে অপহরণ করে জান্দ আল খলিফার সদস্যরা।
সংগঠনটি মঙ্গলবার ফরাসি সরকারের প্রতি ২৪ ঘণ্টার সময় বেঁধে দেয়। বলা হয়, এই সময়ের মধ্যে ইরাকে আইএসের ওপর হামলা বন্ধ না করলে তাকে হত্যা করা হবে।
কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এবং প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস এই আলটিমেটাম প্রত্যাখ্যান করেন। আলটিমেটামের ২৪ ঘণ্টা পার হতে না হতেই গোর্ডেলের শিরশ্ছেদের ভিডিও চিত্র প্রকাশ করে জান্দ আল খলিফা।
ফ্রান্সের প্রেসিডেন্ট এ ঘটনাকে ‘নিষ্ঠুরতা ও কাপুরুষোচিত’ বলে বর্ণনা করেছেন। জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণে তিনি বলেন, ফ্রান্সের এক নাগরিক হত্যার মতো কঠিন হুমকির মুখোমুখি হচ্ছেন। কিন্তু এ নিয়ে ফ্রান্সকে ব্ল্যাকমেইল করতে দেওয়া হবে না বলেও সর্তক করেন তিনি। পাশাপাশি ইরাকে আইএসের বিরুদ্ধে বিমান হামলা অব্যাহত রাখারও ঘোষণা দেন তিনি।
প্রসঙ্গত, আগস্ট থেকে এ পর্যন্ত পশ্চিমাদেশের তিন জিম্মির শিরশ্ছেদ করেছে আইএস। এর মধ্যে দুজন মার্কিন সাংবাদিক- জেমস ফোলি ও স্টিভেন সটলফ। তৃতীয় জন হলেন ব্রিটিশ ত্রাণকর্মী ডেভিড হেইন্স। সূত্র: বিবিসি।
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





