ইরানি রাষ্ট্রদূতকে ভিসা দিবেনা মার্কিন কংগ্রেস। মার্কিন কংগ্রেসের উভয় কক্ষেই এ বিল পাস হয়েছে। সিনেটের পর এবার মার্কিন প্রতিনিধি পরিষদও জাতিসংঘে নবনিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হামিদ আবুতালেবিকে ভিসা না দেওয়ার বিল অনুমোদন করেছে।
সিনেটে এ সংক্রান্ত বিল পাস হওয়ার কয়েকদিনের মাথায় বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে এটি অনুমোদিত হয়।
গত সোমবার টেক্সাসের রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ আনীত বিলটি ডেমোক্রেট-নিয়ন্ত্রিত সিনেটে কণ্ঠভোটে পাস হয়। মার্কিন কংগ্রেসের দুই কক্ষেই ইরানের রাষ্ট্রদূতকে ভিসা না দেওয়ার বিল অনুমোদিত হওয়ার ফলে এখন এটি কার্যকর হওয়ার জন্য প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পাঠানো হবে। ওবামা এতে সই করলেই তা চূড়ান্তভাবে আইনে পরিণত হবে।
এর আগে মঙ্গলবার হোয়াইট হাউজ ঘোষণা করে, হামিদ আবুতালেবিকে জাতিসংঘের রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে ইরান ঠিক কাজ করেনি। তাকে যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হবে না।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্জিয়ে আফখাম ওইদিনই হোয়াইট হাউজের বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন,  যোগ্যতার ভিত্তিতে আবুতালেবিকে জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি নিয়োগ দিয়েছে তেহরান। আবুতালেবি এর আগে বিভিন্ন ইউরোপীয় দেশে ইরানের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। এরপর বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফও মার্কিন সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে জানান, জাতিসংঘের কূটনৈতিক চ্যানেলের মাধ্যম মার্কিন এ সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তার দেশ।
মার্কিন সিনেট অভিযোগ করছে, ১৯৭৯ সালে গুপ্তচরবৃত্তির আখড়া হিসেবে পরিচিত তেহরানস্থ তৎকালীন মার্কিন দূতাবাস দখলের ঘটনায় আবুতালেবি জড়িত ছিলেন।
[b]ঢাকা, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]