গাড়ি চুরির অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছেন ভারতের কংগ্রেস দলীয় সংসদ সদস্য রুমি নাথ। মঙ্গলবার ভারতের গোহাটি থেকে তাকে আটক করা হয়।

অভিযোগ রয়েছে, ৩৪ বছর বয়সী নাথের সঙ্গে দেশটির কুখ্যাত গাড়ি চোর অনিল চৌহানের যোগাযোগ রয়েছে। অনিল অন্তত তিন হাজার গাড়ি চুরির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলেছে, আসাম থেকে নির্বাচিত এই সংসদ সদস্যকে তারা অনেক আগে থেকেই অনুসরণ করছিল। অবশেষে মঙ্গলবার সকাল ৭টায় তাকে আটক করে পুলিশ। চৌহানের সঙ্গে নাথের কী ধরনের সম্পর্ক এবং তিনি তাকে নিরাপত্তা দিচ্ছেন কিনা এ ধরনের বিভিন্ন বিষয় জানতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে বলে খবরে উল্লেখ করা হয়েছে।

এর আগে গোহাটির আদালত গত সপ্তাহে তার জামিনের আবেদন বাতিল করে। এরপর সোমবার গণমাধ্যমের সামনে তিনি বলেন, তিনি নির্দোষ। প্রয়োজনে তিনি জেলে যেতেও প্রস্তুত আছেন। চৌহানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই উল্লেখ করে তিনি বলেন, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।

২০০৬ সালে বর্তমান ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দল থেকে আসামের বরখোলা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন রুমি নাথ। এরপর ২০১০ সালে যোগ দেন কংগ্রেসে এবং পুনরায় নির্বাচিত হন।

জেডআই