ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হামলায় বেশকিছু উর্ধ্বতন কর্মকর্তাসহ অন্তত ৪৫ ইরাকি পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছে আরো অর্ধশতাধিক।

দেশটির আনবার প্রদেশে ফালুজা ও সামারা শহরের সংযোগ রোড থায়ারথার এলাকার একটি ঘাঁটিতে সোমবার বিস্ফোরক বোঝাই তিনটি যানসহ নিজেদের উড়িয়ে দেন আইএসের আত্মঘাতী বোমারুরা।

বিশেষ এক সূত্র জানায়, হতাহতের মধ্যে বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে। গত কয়েক সপ্তাহ আগে আনবার আইএস জঙ্গিরা দখল করে নিলে তা পুনরুদ্ধারে শিয়া-মিলিশিয়া ও ইরাকি বাহিনী সেখানে যৌথ অভিযান শুরু করে। সেখানে দুপক্ষের মধ্যে তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে।

আনবার প্রদেশের অপারশেন কমান্ডের একটি নিরাপত্তা সূত্র বিবিসিকে জানিয়েছে, ইরাকি ফেডারেল পুলিশের ২১তম ব্রিগেডের ৩ নম্বর ব্যাটালিয়নের হেডকোয়ার্টারে বিস্ফোরক বোঝাই তিনটি যান নিয়ে সোমবার ওই হামলা চালায় আইএস। বিস্ফোরণের কারণে ঘাঁটি ভেতরে থাকা গোলাবারুদও ব্যাপক আকারের বিস্ফোরিত হয়।

সূত্র আরো জানায়, বেশকিছু জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন। নবম ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুসা হায়দারসহ অন্তত ৩৩ জন আহত হয়েছেন।

একজন চিকিৎসক বার্তা সংস্থা এএফপিকে জানান, সামারা হাসপাতালে কমপক্ষে ৩৭টি মরদেহ আনা হয়েছে।

সিরিয়া ও ইরাকের বিশাল এলাকা দখলে নিয়ে খিলাফত প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছে সুন্নি জঙ্গি সংগঠন আইএস। তাদের ওপর যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বিমান হামলা অব্যাহত রেখেছে।

এআর