ভারতে গ্রিনপিস ও ফোর্ড ফাউন্ডেশনের মতো আন্তর্জাতিক এনজিও-গুলির কাজকর্মের উপর মোদী সরকার যে সব বিধিনিষেধ চাপিয়েছে, সে ব্যাপারে উদ্বেগ প্রকাশ করল খোদ আমেরিকা৷ গ্রিনপিসের ভারতীয় শাখার অভিযোগ, 'ভিন্ন মত'কে দমন করতে সরকারের ওই সব পদক্ষেপ ভারতীয় গণতন্ত্রকেই আঘাত করছে৷

মার্কিন পররাষ্ট মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র মারি হারফ শুক্রবার বলেন, 'আমরা জানি যে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গ্রিনপিস ইন্ডিয়ার রেজিস্ট্রেশন বাতিল করেছে এবং ফোর্ড ফাউন্ডেশন-কেও আগাম অনুমতিসাপেক্ষ নজরদারির মধ্যে রেখেছে৷ বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন (এফসিআরএ)-কে এভাবে ব্যবহার করার ফলে ওই নাগরিক সংগঠনগুলির যে সব অসুবিধা হচ্ছে, তা নিয়ে আমরা উগ্বিগ্ন৷ মনে হয়, সমালোচনার যে পরিসর ভারতীয় সমাজের স্বাস্থ্যের পক্ষে খুবই দরকার, ওই সব সরকারি সিদ্ধান্ত তার পথেই বাধা তৈরি করছে৷ তাই উপযুক্ত ভারতীয় কর্তৃপক্ষের ব্যাখ্যা জানতে চেয়েছি আমরা৷'

উল্লেখ্য, কেন্দ্রের বিজেপি-চালিত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি নির্দেশ দিয়েছে, আমেরিকার এনজিও ফোর্ড ফাউন্ডেশন-কে 'নজরদারির তালিকা'য় রাখতে হবে৷ 'জাতীয় সুরক্ষার কারণে' ওই ফাউন্ডেশন থেকে ভারতে আসা সমস্ত আর্থিক অনুদান ব্যবহার করার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন চাইতে হবে৷ পাশাপাশি, গ্রিনপিস ইন্ডিয়া-র কাজকর্ম ভারতের সরকারি ও আর্থিক স্বার্থকে ক্ষতিগ্রস্ত করছে, এই দাবি করে তাদের সাতটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করেছে মোদি সরকার৷ বিদেশি অনুদান নেওয়ার ব্যাপারেও এনজিও-টির উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷

গ্রিনপিস ইন্ডিয়া-র কার্যনির্বাহী অধিকর্তা সমিত আইচের বক্তব্য, 'হয় আমার পক্ষ নও, নয়তো রাস্তা দেখো, ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই মনোভাব জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি করছে৷ এই বিষয়টি এখন আন্তর্জাতিক মহলেরও দৃষ্টি আকর্ষণ করছে৷' -সংবাদসংস্থা

এএইচ