সিরিয়ায় আইএসবিরোধী গুরুত্বপূর্ণ সব অভিযান শেষ হয়ে আসলেও, জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে চূড়ান্ত বিজয় এখনও অর্জিত হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। সিরিয়ায় আইএসমুক্ত এলাকাগুলোয় স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ২০ কোটি মার্কিন ডলার সহায়তার ঘোষণা দেন তিনি।   

এদিকে যুক্তরাষ্ট্র সিরিয়ার অখণ্ডতার প্রতি হুমকি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে রাশিয়া। আর সিরিয়ায় বেসামরিক নাগরিকদের ওপর রাসায়নিক হামলার প্রমাণ পাওয়া গেলে সেখানে বিমান হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

সিরিয়ায় একের পর এক অঞ্চল আইএসমুক্ত হলেও থেমে নেই সংঘাত আর সংঘর্ষ। সরকারি বাহিনী আর বিদ্রোহীদের পাল্টাপাল্টি হামলায় প্রতিনিয়তই ঝরছে প্রাণ, বাড়ছে অবরুদ্ধ মানুষের সংখ্যা। এ অবস্থায় দেশটির অবরুদ্ধ পূর্ব ঘৌটায় মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলে সতর্কতা জারি করেছে জাতিসংঘ। অঞ্চলটিতে গুরুতর অসুস্থ হয়ে পর্যাপ্ত চিকিৎসার অভাবে এ পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সেইসঙ্গে, গুরুতর অসুস্থ ৭ শতাধিক ব্যক্তিকে জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা প্রয়োজন বলেও সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়।

এক কর্মকর্তা বলেন, 'দুই মাসেরও বেশি সময় ধরে এখানে চিকিৎসা উপকরণ সরবরাহ বন্ধ রয়েছে। আমাদের কাছে এমন তথ্যও আছে যে, এখানে ওষুধের স্বল্পতা রয়েছে, এমনকি কোন কোন ক্ষেত্রে বাধ্য হয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধও রোগীদের দেয়া হচ্ছে। ক্যান্সারের ওষুধের মতো গুরুত্বপূর্ণ ওষুধ নেই বললেই চলে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে এখানে ওষুধসহ সব ধরনের চিকিৎসা উপকরণ সরবরাহ করতে না পারলে পূর্ব ঘৌটায় ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটবে।'

এর মধ্যেই সিরিয়ার আইএসমুক্ত এলাকাগুলোতে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় নতুন করে আরও অন্তত ২০ কোটি মার্কিন ডলার সহায়তা ঘোষণা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। মঙ্গলবার, কুয়েত সিটিতে ইরাকের পুনর্গঠন বিষয়ক সম্মেলনে যোগ দিয়ে এ ঘোষণা দেন তিনি। বরাদ্দকৃত অর্থ দেশটির স্থিতিশীলতা প্রতিষ্ঠার পাশাপাশি পুনর্গঠন প্রক্রিয়ায় ব্যয় করা হবে বলে জানান তিনি।

এছাড়াও, টিলারসন বলেন, সিরিয়ার বেশিরভাগ অঞ্চল আইএসমুক্ত হলেও জঙ্গিগোষ্ঠীটির বিরুদ্ধে চূড়ান্ত বিজয় এখনও অর্জিত হয়নি।

তিনি বলেন, 'সিরিয়ার এরইমধ্যে প্রায় ৩০ শতাংশ অঞ্চল এবং তেলক্ষেত্র আইএসের কাছ থেকে পুনরুদ্ধার করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে মার্কিন জোট। আর তাই কেউ যদি মনে করে, সিরিয়ায় আইএস দমনে যুক্তরাষ্ট্রের ভূমীক খুবই সামান্য, তবে তারা পুরোপুরি মিথ্যা। সিরিয়ার দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠায় আমরা জেনেভা সম্মেলনে সম্ভাব্য সব বিকল্প নিয়ে আলোচনা করছি। সেখানে আমরা অব্যাহতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছি। এ বিষয়ে রাশিয়ার সঙ্গেও আমরা সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলেছি যাতে, জেনেভায় সিরিয়া ইস্যুতে আমরা একটি সমঝোতায় পৌঁছাতে পারি।'

তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সিরিয়ার অধিকাংশ অঞ্চল আইএসমুক্ত করার দাবি করা হলেও, রাশিয়ার অভিযোগ সিরিয়ার অখণ্ডতা নষ্ট করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার, মস্কোয় এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, আইএস দমনের নামে সিরিয়ার পূর্বাঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে যুক্তরাষ্ট্র।

ল্যাভরভ বলেন, 'যুক্তরাষ্ট্র কখনোই সিরিয়ার অখণ্ডতা রক্ষা করে কোন শান্তি প্রক্রিয়ায় অংশ নিতে চায়না। আমরা প্রথম থেকেই বলে এসেছি, সিরিয়ার শান্তি প্রক্রিয়ায় রাশিয়া সবসময়ই কুর্দিদের পক্ষে। কেননা তারা সিরীয় সমাজের একটি বিরাট অংশ। আর এ কারণেই কুর্দিদের বাদ সিরিয়া সংকটের সমাধান সম্ভব নয়।'

এদিকে, সিরিয়ায় আইএসের যেসব বিদেশী সদস্যকে গ্রেফতার করা হয়েছে তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে মিত্র রাষ্ট্রগুলো কাজ করছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। সিরিয়ায় আইএসের উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি সদস্য মার্কিন সমর্থিত বিদ্রোহীদের হাতে আটক হওয়ায় তাদের দেশে ফিরিয়ে নেয়ার বিষয়ে প্রক্রিয়া নিয়ে জোটের সদস্যরা এরইমধ্যে আলোচনা শুরু করেছে বলেও জানান তিনি।

এসএম