ইসরাইলকে ‘দুর্বৃত্ত রাষ্ট্র’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি গোলাম আলী খোশরু।

ইসরাইলি যুদ্ধমন্ত্রী এভিগডোর লিবারম্যানের ইরানবিরোধী হুমকির জবাবে এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

লিবারম্যান গত বৃহস্পতিবার সৌদি নিউজ ওয়েবসাইট এলাফ’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ইরান তেল আবিবে হামলা চালালে আমরাও তেহরানে আঘাত হানব’।

বিবৃতিতে খোশরু আরো বলেন, ‘ইসরাইল সত্যিকার অর্থে একটি দুর্বৃত্ত রাষ্ট্র। এটি আন্তর্জাতিক সমাজের জন্য একটি অনস্বীকার্য বাস্তবতা। তবে এই বাস্তবতায় শুধুমাত্র তারা বিশ্বাস করে না যারা মনে করে অবৈধ দখলদারিত্ব, অবৈধ বসতি নির্মাণ, বর্ণবাদী আচরণ, অবরোধ ও নিয়মিত গণহত্যা চালিয়ে মধ্যপ্রাচ্যের বুকে টিকে থাকা ইহুদিবাদী ইসরাইলের জন্ম-জন্মান্তরের অধিকার’।

খোশরু আমেরিকাসহ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অন্য সদস্য দেশগুলোর সমালোচনা করে বলেন, ‘এসব দেশ তেল আবিবকে এমন একটি ধারণা দিচ্ছে যে, তেল আবিব অব্যাহতভাবে মধ্যপ্রাচ্যের শান্তিকে উপেক্ষা করবে এবং এজন্য তাকে কোনো ধরনের জবাবদিহী করতে হবে না’।

তিনি আরও বলেন, ‘আমেরিকাসহ সুনির্দিষ্ট কিছু স্বার্থান্বেষী দেশের সহযোগিতা ছাড়া ইহুদিবাদী ইসরাইলের পক্ষে এই দায়মুক্তির সুবিধা উপভোগ করা সম্ভব হতো না’।