ইরাকের সুন্নী বিদ্রোহীরা রাজধানী বাগদাদের দিকে ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে। বাগদাদ থেকে সড়ক পথে মাত্র এক ঘণ্টার দূরত্বে রয়েছে তারা। সরকারি সেনারা ক্যাম্প থেকে অস্ত্রশস্ত্র ফেলে পালাচ্ছে। এদিকে, উত্তরাঞ্চলীয় শহর কুর্দি অধিবাসী অধ্যুষিত কিরকুক শহর দখল করে নিয়েছে কুর্দিরা। খবর রয়টার্স ও বিবিসির।
উত্তরাঞ্চলীয় স্বায়ত্তশাসিত কুর্দিস্থানের কিরকুক শহরটি দখল করে নেয়ার কথা স্বীকার করেছে কুর্দিদের নিজস্ব বাহিনী পেশমার্গা। কিরকুকে এখন কোনও সরকারি সেনা নেই। ফলে তেল সমৃদ্ধ কিরকুক এখন কুর্দি যোদ্ধাদের দখলে।
এদিকে, কুর্দি এলাকা ছাড়া উত্তরাঞ্চলীয় ছোট ছোট প্রায় সব শহরই সুন্নী বিদ্রোহীদের দখলে চলে গেছে। সশস্ত্র সুন্নী গ্রুপ ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্যা লেভান্তে (আইএসআইএল) এখন রাজধানীর খুব কাছাকাছি রয়েছে বলে জানা গেছে। ফলে রাজধানী বাগদাদ মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে।
এমন অবস্থায়, দেশটিতে জরুরী অবস্থা জারীর জন্য পার্লামেন্টে জরুরী বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নূরী আল মালিকি।
উল্লেখ্য, মাত্র কয়েকদিনের ব্যবধানে উত্তরাঞ্চলীয় মসুল ও তিকরিত দখল করে নেয় আইএসআইএল। ইরাকের উত্তরাঞ্চল ও সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল নিয়ে একটি স্বাধীন খলিফা শাসিত ইসলামিক দেশ গঠন করা হচ্ছে আইএসআইএল-এর লক্ষ্য। সূত্র: রয়টার্স ও বিবিসি
ঢাকা, ১২ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ





