দক্ষিণ আফ্রিকার অলিম্পিক বিজয়ী অ্যাথলেট অস্কার পিস্টোরিয়াসকে ৫ বছরের সাজা দিয়েছে দেশটির একটি আদালত। গার্লফ্রেন্ড রিভা স্টিনক্যাম্পকে হত্যার দায়ে তাকে এ সাজা দেয়া হলো। এ ছাড়া আগ্নেয়াস্ত্র রাখার দায়ে আরও তিন বছরের স্থগিত কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। খবর বিবিসি'র।

পিস্টোরিয়াসের এই সাজায় সন্তোষ প্রকাশ করেছেন নিহত গার্লফ্রেন্ড রিভা স্টিনক্যাম্পের বাবা-মা। তবে, বিবাদী পিস্টোরিয়াসের আইনজীবি আশা প্রকাশ করে জানিয়েছেন, তাকে ১০ মাসের মতো কারাভোগ করতে হতে পারে! আর বাকিটুকু তাকে গৃহবন্দী রাখা হতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তবে, মামলার প্রসিকিউটররা কমপক্ষে ১০ বছরের সাজা প্রত্যাশা করেছিলেন। অন্যদিকে, পিস্টোরিয়াসের আইনজীবি কারাদণ্ডের বদৌলতে গৃহবন্দী ও সামাজিক সেবামূলক কাজের আদেশ দেয়ার জন্য আবেদন করেন।

এদিকে, বাদীর আইনজীবি রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তবে, তিনি জানান, পিস্টোরিয়াসকে সম্ভবত দুই বছরের মতো কারাভোগ করতে হতে পারে। রায়ের পর পিস্টোরিয়াসের মধ্যে অবশ্য তেমন কোন প্রতিক্রিয়া দেখা যায়নি। সূত্র: বিবিসি

এসএমএ