ফিলিস্তিনি ভূমি দখল না করতে ইহুদিবাদী ইসরাইলকে সতর্ক করে দিয়েছে আমেরিকা। ফিলিস্তিনের পশ্চিম তীরে যে কয়েকশ’ হেক্টর জমি দখলের পরিকরল্পনা নিয়েছে ইসরাইল তার সমালোচনাও করেছে ওয়াশিংটন।
রোববার ইহুদিবাদী সরকার ঘোষণা করেছে- পশ্চিম তীরের বেথেলহেম এলাকার ৪০০ হেক্টর জমি দখলে নেয়া হবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ তেল আবিবের এ সিদ্ধান্তের সমালোচনা করেছে এবং এ বিষয়ে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে।
এরপর আমেরিকা ইসরাইলের বিরুদ্ধে কথা বলেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেন, “আমরা বহুদিন থেকেই ইসরাইলের অবৈধ বসতি নির্মাণ কর্মসূচির বিরুদ্ধে আমাদের পরিষ্কার অবস্থান ঘোষণা করেছি। অন্য অবৈধ বসতি নির্মাণ কর্মসূচির মতো এবারের এ ভূমি দখল প্রক্রিয়াও উস্কানিমূলক। একইসঙ্গে ইসরাইল যে ২রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলে আসছে তার সঙ্গে অসঙ্গতিপূর্ণ।”
মার্কিন ওই কর্মকর্তা বলেন, “এ সিদ্ধান্ত পরিবর্তনের জন্য আমরা ইসরাইল সরকারের প্রতি আহ্বান জানাই।”
এর আগে, জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, ইসরাইলের ভূমিদখল পরিকল্পনায় তিনি শংকিত। ব্রিটেন ও মিশরসহ আরো কিছু দেশ ইসরাইলের এ পরিকল্পনার সমালোচনা করেছে।
ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





