ভারতের কলকাতার শিবপুর বোটানিক্যাল গার্ডেন থেকে অচৈন্য অবস্থায় উদ্ধার মুর্শিদাবাদের  কিশোরী। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তাকে ধর্ষণ করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, রোববার বিকেল ৫টায় শিবপুর বোটানিক্যাল গার্ডেনের দরজা বন্ধ হওয়ার আধঘণ্টা আগে গার্ডেন পরিদর্শনে বেরোন সেখানকার নিরাপত্তাকর্মীরা। সেই সময় গার্ডেনের মূল প্রশাসনিক ভবনের কাছে কাচঘরের পাশে বছর পনেরোর এক কিশোরীকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা।

তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া দক্ষিণ হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখান থেকে তাকে পাঠানো হয় হাওড়া হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন কিশোরীর অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার তদন্ত শুরু করেছে বোটানিক্যাল থানার পুলিশ। তদন্তকারী সূত্রে খবর। চিকিৎসকদের কাছে কিশোরী জানিয়েছে, এদিন এক পরিচিত যুবকের সঙ্গে শিবপুর বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে গিয়েছিল সে। পুলিশ সূত্রে খবর, কিশোরীর পোশাকে রক্তের দাগ মিলেছে।

তদন্তকারীদের অনুমান, তাকে ধর্ষণ করা হয়েছে। কিন্তু, কার সঙ্গে শিবপুর বোটানিক্যাল গার্ডেনে গিয়েছিল এই কিশোরী? তার সঙ্গে ঠিক কী ঘটেছে? সে ব্যাপারে নিশ্চিত হতে শিবপুর বোটানিক্যাল গার্ডেনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

যদিও, বোটানিক্যাল গার্ডেন সূত্রে খবর, যে জায়গা থেকে কিশোরীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়, সেখানকার সিসিটিভি ক্যামেরা খারাপ ছিল। কিন্তু কেন এতদিন তা কর্তৃপক্ষের নজরে পড়ল না? নিরাপত্তা কর্মী থাকা সত্ত্বেও কীভাবে ঘটল এই ঘটনা? প্রশ্নের মুখে শিবপুর বোটানিক্যাল গার্ডেনের নিরাপত্তা। সূত্র: এপিবি আনন্দ

ইআর