পশ্চিমবঙ্গের সব স্কুলে “বাংলা ভাষা”বাধ্যতামূলক করা হচ্ছে। এতো দিন শুধুমাত্র রাজ্য সরকারের শিক্ষা দফতরের অধীনস্থ স্কুলগুলোতে বাংলা ভাষা বাধ্যতামূলক ছিল।
অন্যদিকে ইংরেজি ও হিন্দি মাধ্যমে প্রথম তিনটি ভাষার মধ্যে শিক্ষার্থীদের পছন্দের দ্বিতীয় এবং তৃতীয় ভাষা নির্বাচনের সুযোগ ছিল। এখন থেকে ইংরেজি মাধ্যমের স্কুলগুলোতে প্রথম ভাষা ইংরেজির নির্বাচনের পর দ্বিতীয় দুটি ভাষার মধ্যে বাংলা ভাষাকেও নির্বাচনে রাখতে হবে এবং একইভাবে হিন্দি ভাষী স্কুলগুলোতেও হিন্দির পর দ্বিতীয় বা তৃতীয় ভাষার একটিতে রাখতে হবে বাংলা ভাষাকে।
ভারতের কেন্দ্রীয় শিক্ষা বোর্ডের অধীনে থাকা স্কুলগুলোর শিক্ষার্থীদের পছন্দের তৃতীয় ভাষার মধ্যে “বাংলা ভাষা”নেওয়ার কোনও বাধ্যবাধকতা ছিল না এতোদিন।
এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, “রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করার মধ্যে দিয়ে খুব শিগগির তৃতীয় ভাষার মধ্যে একটি ‘বাংলা ভাষা’-কে আবশ্যিক হিসাবে নিদিষ্ট করে দেওয়ার উদ্যোগ নিতে যাচ্ছে।”
তিনি বলেন, “এবার থেকে তিনটি ভাষার মধ্যে শিক্ষার্থীদের প্রথম হিসাবে যাই নিক না কেন কিন্তু পরবর্তীতে দুটি ভাষার মধ্যে ‘বাংলা ভাষা’বেছে নিতে হবে। বাকি একটি ভাষার ক্ষেত্রে পড়ুয়ারা স্বাধীন সিদ্ধান্ত নিতে পারবে।”
শিক্ষামন্ত্রী বলেন, “বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতের শক্তি। প্রতিটি মাতৃভাষার প্রতি পশ্চিমবঙ্গ সরকার শ্রদ্ধাশীল। আঞ্চলিক ভাষারও গুরুত্ব রয়েছে। প্রতিটি ছাত্রছাত্রীর নিজস্ব ভাষা চয়নেরও স্বাধীনতা রয়েছে। ছাত্র সমাজের স্বাধীনতা রয়েছে –তারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ভাষা হিসাবে যে কোনও ভাষা চয়ন করতে পারে। বাংলা, হিন্দি, ইংরেজি, উর্দু, নেপালি, গুরুমুখী এবং অলচিকি ভাষা ‘প্রথম ভাষা’হিসাবে চয়ন করলে শিক্ষার্থীরা আরও দুটি ভাষাকে তাদের পছন্দ মতো নির্বাচন করতে পারবে। এবং এখন থেকে ওই তিনটি ভাষার মধ্যে ‘বাংলা ভাষা’অবশ্যই থাকত হবে।”
এই প্রক্রিয়ায় কারণে পড়ুয়াদের আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে পৌঁছানো আরও সহজ হবে তিনি মন্তব্য করেন।
এই সিদ্ধান্তের ফলে এখন থেকে রাজ্যের হিন্দি, ইংরেজিসহ সব মাধ্যমের স্কুলে বাংলা ভাষাকে আবশ্যিক পাঠ হিসাবে রাখতে হবে। ইংরেজি মাধ্যমগুলোতেও সংশ্লিষ্ট শিক্ষার্থীদেরকে ইংরেজি ছাড়াও তার মাতৃভাষা এবং অন্য একটি ভারতীয় ভাষা পড়তে হবে। এবার এর সঙ্গে বাংলা ভাষা যুক্ত হলো।
কেন্দ্রীয় শিক্ষা বোর্ড বা সিবিএসই কিংবা আইসিএসই বোর্ডে সব মিলিয়ে ৩০ টি ভারতীয় ভাষার মধ্যে থেকে বাছাইয়ের সুযোগ থাকে। তবে ওই বোর্ডের ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে আঞ্চলিক ভাষা বাধ্যতামূলক নয়। এতো দিন সেখানে দ্বিতীয় বা তৃতীয় ভাষা হিসাবে বাঙালি পরিবারের ছেলে মেয়েরা ইচ্ছা করলে বাংলা পড়তে পারতো আবার নাও পড়তে পারতো।
কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের নতুন এই সিদ্ধান্তের ফলে সরকারি বিজ্ঞপ্তি জারির পর থেকে সেই সুযোগ আর থাকবে না। প্রথম ভাষার পর পরবর্তীতে দুটি ঐচ্ছিক ভাষার মধ্যে একটি ‘বাংলা ভাষা’তাদের নিতেই হবে।
এমই





