মার্কিনিদের দ্বারা তৈরি সর্ববৃহৎ অ-পারমাণবিক বোমার নাম রাখতে ‘মা’ শব্দ ব্যবহার করায় কঠোর সমালোচনা করলেন ক্যাথলিক খ্রিস্টানদের শীর্ষ ধর্মগুরু পোপ ফ্রাঁন্সিস।

ছাত্রদের সঙ্গে কথা বলার সময় মার্কিন কথিত ‘সকল বোমার মা’ হিসেবে পরিচিত জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডনেন্স এয়ার ব্ল্যাস্ট বা এমওএবি বোমার প্রসঙ্গে এ কথা বলেন তিনি। এ বোমাকে মোয়্যাবও বলা হয়।

তিনি বলেন, এ বোমার নাম শুনে খুব লজ্জা পেয়েছি পাশাপাশি কষ্টও পেয়েছি। মা জীবন দেন আর এ বোমা মৃত্যু ডেকে আনে। অথচ এ বোমার নামে ‘মা’ শব্দটি ব্যবহার করা হয়েছে। পোপ প্রশ্ন করেন কি হচ্ছে বলুন তো?

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে এ বোমা ফেলা হয়েছিল। দায়েশ অবস্থানের ওপর এ বোমা ফেলা হয় বলে দাবি করেছিল আমেরিকা। এতে অন্তত ১০০ জন নিহত হয়েছে বলে জানান হয়েছে।

অত্যন্ত শক্তিশালী এ বোমা হামলায় তুলনামূলক কম সংখ্যক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, দায়েশের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতেই বোমাটি ফেলেছে আমেরিকা।

পাশাপাশি তিনি আরও বলেন আমেরিকাই হচ্ছে আফগানিস্তানে জঙ্গি গোষ্ঠির উত্থানের মূল কারণ।
জেড