প্রত্যাশা মত তৃণমূল কংগ্রেস তাকে প্রার্থী করেনি। তাই লোকসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন কবীর সুমন। জিনিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কবীর সুমন জানিয়েছেন, শরীর সায় দিলে যাদবপুরেই নির্দল প্রার্থী হবেন তিনি।
তৃণমূলের টিকিটে সংসদ সদস্য হওয়ার দেড় বছরের মধ্যেই দলের নেতাদের বিরুদ্ধে মুখ খুলেছিলেন কবীর সুমন। প্রথমে বাক-যুদ্ধ, তারপর রীতিমতো আক্রমণ। এর মাস ছয়েকের মধ্যেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্কের ইতি।
সম্পর্কের ইতি হলেও কিন্তু কবীর সুমনকে বহিষ্কার করার পথে হাঁটেনি তৃণমূল কংগ্রেস। কার্যত এক ঘরে করে রেখে দেয়ারই কৌশল নেন তৃণমূল নেত্রী। অন্যদিকে কবীর সুমনও এক সময় সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের হুমকি দিলেও শেষদিন পর্যন্ত সংসদ সদস্য থেকেই গিয়েছেন। বুধবারের পর থেকে অবশ্য আনুষ্ঠানিকভাবেই সম্পর্কের ইতি। তবে তৃণমূলের সঙ্গে সম্পর্কের ইতি হলেও এখনও রাজনীতির ময়দান ছাড়তে নারাজ কবীর সুমন। কবীর সুমন জানিয়েছেন, নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়তে চান তিনি।
[b]ঢাকা, ৭ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]