বিশ্বের কুখ্যাত বন্দিশালা গুয়ান্তানামো বে থেকে ছাড়া পাওয়ার পর দেশে ফিরেছেন চার আফগান।
কিউবার ওই মার্কিন কারাগারে সবমিলিয়ে আট আফগান নাগরিক বন্দী ছিলেন। তাদের মধ্য থেকে শনিবার ওই চার জন ছাড়া পেয়েছেন। এরা হলেন, শাওয়ালি খান, খি আলি গুল, আবদুল গনি এবং মোহাম্মদ জহির। কোনো রকম অভিযোগ গঠন করা ছাড়াই মার্কিন কর্তৃপক্ষ গত দশ বছরের বেশি সময় ধরে তাদের গুয়ান্তানামোতে আটকে রেখেছিলেন।
তাদের সম্পর্কে শনিবার পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে,‘যুক্তরাষ্ট্রে ছয়টি দপ্তর এবং টাস্ক ফোর্স নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখার পর তাদের মুক্তি দেয়া হয়েছে।’
শনিবার এক মার্কিন সামরিক বিমানে করে ওই চারজন কাবুল পৌঁছেছেন। তাদেরকে আফগান কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়েছে। আফগানিস্তানের এক সরকারি সূত্র জানিয়েছে, শ্রীঘ্রই এই চার ব্যক্তি তাদের পরিবারের সঙ্গে মিলিত হবেন।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ২০০২ সালে গুয়ান্তানামো বে কারাগারটি তৈরি করে। এখানে বর্তমানে বিভিন্ন দেশের ১৩২ জন আটক রয়েছেন। প্রেসিডেন্ট বারাক ওবামা এই কারাগারটি বন্ধ করে দেয়ার ঘোষণা দেয়ার পর ৬৪ জনকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। চলতি মাসে সবমিলিয়ে দশ জনকে মুক্তি দেয়া হয়েছে। এদের ছযজনকে উরুগুয়ে এবং বাকি চারজনকে আফগানিস্তানে ফেরত পাঠানো হয়েছে। সূত্র: বিবিসি।
কেএইচ





