থাইল্যান্ডের অভ্যুত্থানকারী নেতা সেনাপ্রধান জেনারেল প্রায়ুত চ্যান-ও-চ্যা (৬০)কে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দিয়েছেন দেশটির সর্বজন শ্রদ্ধেয় রাজা। একে দেশটিতে ব্যাপক সংস্কারের লক্ষ্যে একটি সরকার গঠনের পথে পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সেনাপ্রধান জেনারেল প্রায়ুত চ্যান-ও-চ্যা গত সপ্তাহে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী মনোনীত হন। প্রধানত সামরিক বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত জাতীয় পরিষদে ভোটাভুটির মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী মনোনীত হন। তিনি গত ২২ মে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন।
বার্তা সংস্থা এএফপি জানায়, একটি সংক্ষিপ্ত তবে বিস্তারিত অনুষ্ঠানের মাধ্যমে প্রায়ুত রাজকীয় কমান্ড গ্রহণ করেন। এ সময় তিনি সাদা রঙের পোশাক পরা ছিলেন। তিনি রাজা ভূমিবল আদুলাদেজের বড় প্রতিকৃতির সামনে হাঁটু গেড়ে মাথা নত করেন।
অনুষ্ঠানের পর প্রায়ুত বলেন, ‘মহামান্য রাজা আমাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। আমি তাঁর প্রতি খুবই কৃতজ্ঞ------এটা আমার ও আমার পরিবারের জন্য খুবই সম্মানজনক।’
তিনি বলেন, ‘আমি সততার সঙ্গে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাব।’
প্রায়ুতকে রোববার প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দেয়া হয়। তবে এর একদিন পর তাকে আনুষ্ঠানিকভাবে রাজকীয় কমান্ড প্রদান করা হল। তিনি জান্তা প্রধান হিসেবে ও নিয়োজিত থাকবেন। ফলে সামরিক বাহিনী তাদের ক্ষমতা আরো পাকাপোক্ত করতে চাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
জান্তা মুখপাত্র বলেন, প্রায়ুত আগামী সেপ্টেম্বরের মধ্যে একটি মন্ত্রিসভা গঠন করবেন এবং রাজার অনুমোদনের জন্য মন্ত্রীদের নাম পাঠাবেন।
জান্তা জানায়, গত কয়েক মাস ধরে বিক্ষোভে প্রায় ৩০ জন নিহত ও কয়েকশ’ লোক আহত হওয়ার পর তারা ক্ষমতা দখল করতে বাধ্য হয়েছে। সূত্র: এএফপি
ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





