জার্মানির রাজধানী বার্লিনের একটি ক্রিসমাস মার্কেটে লরি চালিয়ে হামলার ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪৫ জন। খবর বিবিসির।
বার্লিনের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রেস গেইসেল জানিয়েছেন, এটা ইচ্ছাকৃত হামলা নাকি নিছক দুর্ঘটনা সে বিষয়টি এখনো পরিস্কার নয়।
তবে স্থানীয় পুলিশ বলছে, তাদের ধারণা এটি ইচ্ছাকৃত হামলা। ভিডিও ফুটেজে দেখা গেছে, লরি হামলার ঘটনায় মার্কেটের বেশ কিছু দোকান ভেঙ্গে পড়েছে এবং আহত অনেক মানুষ রাস্তায় লুটিয়ে পড়েছেন।
বার্লিনের স্থানীয় একটি পত্রিকার খবরে বলা হয়েছে, পুলিশ একটি বিশেষ জায়গা নির্ধারণ করেছেন যেখানে হতাহতদের স্বজনরা তাদের সঙ্গে মিলিত হতে পারবেন।
লরি চালিয়ে নিরীহ মানুষ হত্যার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে গত জুলাই মাসে ফ্রান্সের নিস শহরে লরি হামলা চালানো হয়েছিল। এই দু’টি হামলার মধ্যে যথেষ্ট মিল রয়েছে। নিস শহরে হামলার ঘটনায় কমপক্ষে ৮৬ জন প্রাণ হারায়। ওই হামলার দায় স্বীকার করেছিল জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট।
এমএনজে





