দাস প্রথার পক্ষে লড়েছিলেন এমন এক কনফেডারেটপন্থী জেনারেলের মূর্তি অপসারণের প্রতিবাদে শত শত শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছেন।

মশাল হাতে শত শত শ্বেতাঙ্গ এই মিছিলে ইহুদী বিরোধী শ্লোগান দেন। তারা বলেন "ইহুদীরা আমাদের জায়গা নিতে পারবে না" এবং "শ্বেতাঙ্গদের জীবনের মূল্য আছে। ভার্জিনিয়ার শার্লোটসভিল শহরের ক্যাম্পাসে এই মিছিলে বর্ণবাদ বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হয়।

যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের সময় দক্ষিণের অঙ্গরাজ্যগুলো দাস প্রথার পক্ষে লড়েছিল। তাই এখনো অনেক অঙ্গরাজ্যে দাস প্রথার পক্ষের কনফেডারেটপন্থীদের মূর্তি রয়েছে। এমনকি অনেক জায়গায় সরকারী ভবনেও কনফেডারেট পতাকা উড়ানো হয়।

কিন্তু সাম্প্রতিক কালে বর্ণবাদ বিরোধীদের আন্দোলনের মুখে অনেক জায়গাতেই এ ধরণের মূর্তি অপসারণ করতে বাধ্য হোন কর্তৃপক্ষ। এতে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীরা ক্ষুব্ধ হয়ে উঠেন।

এই বিক্ষোভের আয়োজক জেসন কেসলা। তার অভিযোগ, তাদের শহরে এখন শ্বেতাঙ্গদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে। সেজন্যেই তারা এই বিক্ষোভ করছেন।

তাঁর বলেন, "শ্বেতাঙ্গরা অনেক সহ্য করেছে, তারা আর নিতে পারছে না। বিক্ষোভের মশালকে অনেকে শ্বেতাঙ্গ বর্ণবাদী গোষ্ঠী 'কু ক্লাক্স ক্লান' এর সঙ্গে তুলনা করেন।

মিছিলটি যখন ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে থমাস জেফারসনের মূর্তির পাশ দিয়ে যাচ্ছিল, তখন সেখানে বর্ণবাদ বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ থামাতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।

শার্লোটসভিল শহরের মেয়র শ্বেতাঙ্গ জাতীয়বাদীদের এই মিছিলকে 'বর্ণবাদী' বলে আক্ষায়িত করেছে।

এএন