ভারত-অধিকৃত কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর এক মেজরকে গুলি করে হত্যা করেছে ওই বাহিনীরই এক জওয়ান।

কর্তব্যরত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করা নিয়ে এই হত্যাকাণ্ড ঘটে বলে ভারতীয় মিডিয়ার খবরে বলা হয়েছে। ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে।

সোমবার (১৭ জুলাই) সেনা ছাউনির ভেতর সারপ্রাইজ চেকিং শুরু করেন ৭১-আর্মড রেজিমেন্টের মেজর শিখর থাপা। বর্তমানে তার পোস্টিং রয়েছে ৮ রাষ্ট্রীয় রাইফেলের সঙ্গে। চেকিং চলাকালীন অভিযুক্ত জওয়ানের কাছে থেকে মোবাইল উদ্ধার করা হয়। দেখা যায়, তিনি সে সময় মোবাইল ব্যবহার করছিলেন। এর পরই মেজর থাপার সঙ্গে তার বচসা বাধে।

মেজর ওই জওয়ানের হাত থেকে মোবাইল কেড়ে নেয়ার সময় সেটি ক্ষতিগ্রস্তও হয়। জওয়ানকে সাবধান করে মেজর থাপা যখন চলে যাচ্ছিলেন সে সময় রাগের মাথায় নিজের একে-৪৭ রাইফেল থেকে পর পর ২টি গুলি চালান জওয়ান।

সঙ্গে সঙ্গে মেজর লুটিয়ে পড়েন মাটিতে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।(ওয়েবসাইট)

এমবি