পাকিস্তানি কিশোরী ও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই হত্যা প্রচেষ্টা মামলায় সাজাপ্রাপ্ত ১০ জনের মধ্যে ৮ জনকে মুক্তি দেয়া হয়েছে।

শুক্রবার লন্ডনে পাকিস্তানি হাই কমিশনের মুখপাত্র মুনীর আহমেদ জানিয়েছেন ওই আট জনের বিরুদ্ধে দোষ প্রমাণের অভাবে তারা মামলা থেকে খালাস পেয়েছে।

গত এপ্রিলে পাকিস্তানের কর্মকর্তারা মালালা হত্যা প্রচেষ্টা মামলায় ১০ তালেবান যোদ্ধার দোষী সাব্যস্ত হওয়া এবং ২৫ বছরের কারাদণ্ড পাওয়ার কথা জানিয়েছিলেন।

তবে একটি সূত্র এখন জানিয়েছে যে বিচারে মাত্র দুইজন দোষী সাব্যস্ত হয়েছে। বাকিরা খালাস পেয়েছে।

পাকিস্তানের সোয়াত উপত্যকার পুলিশ প্রধান সালিম মারওয়াতও আলাদা এক খবরে মালালা হত্যা প্রচেষ্টা মামলায় মাত্র দুইজন দোষী সাব্যস্ত হওয়ার কথা নিশ্চিত করে জানিয়েছেন।

বিচারের এক মাসেরও বেশি সময় পর শুক্রবারই প্রথম জানা গেছে যে, আদালতের বিচারে ২০১২ সালে মালালার মাথায় গুলি করা দুই ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছে।

এর আগে ওই দুই বন্দুকধারী এবং হামলার নির্দেশ যিনি দিয়েছিলেন তিনিও আফগানিস্তানের পালিয়ে আছেন বলে ধারণা করা হয়ে আসছিল।

তবে লন্ডনে পাকিস্তানি হাই কমিশনের মুখপাত্র মুনীর আহমেদ বলছেন, আদালতের বিচারে প্রকৃতই দুইজন দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টি পরিষ্কার করা হয়েছিল। কিন্তু এ বিষয়ে ভুল সংবাদ পরিবেশন করা হয়েছে বলে দোষারোপ করেন তিনি।

জেডআই