মিসরের সিনাই উপত্যকার কিছু অংশে তিন মাসের জন্য জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। সম্প্রতি সেখানে পৃথক দুইটি হামলায় ৩১ জন সেনা নিহত হওয়ায় এই জরুরি অবস্থা জারি করা হয়।
সিনাই ও গাজা উপত্যকার মধ্যকার রাফাহ ক্রসিংও বন্ধ করে দেওয়া হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে।
এদিকে হামলায় নিহতদের স্মরণে তিন দিনের শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসি।
সিনাইয়ের আল-আরিশ এলাকার কাছে একটি তল্লাশি চৌকিতে গত শুক্রবার একটি আত্মঘাতী বোমা হামলায় ২৮ জন নিহত হয়। কোনো গোষ্ঠী ওই হামলার দায়িত্ব স্বীকার করেনি।
একই দিন ওই এলাকায় গোলাগুলির ঘটনায় তিনজন সেনা প্রাণ হারান।
মিসরের সেনাবাহিনীর ইতিহাসে এক দশকের মধ্যে এটাই সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
২০১১ সালে প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতনের পর সিনাই উপত্যকায় দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। গত বছরের জুলাইয়ে মোহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুতির পর আরও বেপরোয়া হয়ে উঠেছে সেখানকার সন্ত্রাসী গোষ্ঠীগুলো। সূত্র : বিবিসি
ইআর





