ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার দল ফিলিস্তিনি মুক্তি সংস্থা বা পিএলও’র নেতৃত্ব থেকে পদত্যাগ করেছেন।

তবে তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। পিএলও প্রধান হিসেবে তার স্থলাভিষিক্ত হতে পারেন সংস্থার প্রধান আলোচক ও সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব সায়েব ইরাকাত।

পিএলও কর্মকর্তা ওয়াসেল আবু ইউসুফের বরাত দিয়ে ফরসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আব্বাসের সঙ্গে দলের নির্বাহী কমিটির অর্ধেকের বেশি সদস্য পদত্যাগ করেছেন।

তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। আগামী এক মাসের মধ্যে পিএলও’র নির্বাহী কমিটি নির্বাচনের জন্য ফিলিস্তিনি জাতীয় পরিষদ বৈঠকে বসবে বলে জানিয়েছেন আবু ইউসুফ।

৮০ বছর বয়স্ক আব্বাস ১১ বছর ধরে পিএলও প্রধানের দায়িত্বে রয়েছেন।

ইআর