রাশিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় একটি হ্রদে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৬ জন নিহত হয়েছে বলে ধারণা হচ্ছে। এরমধ্যে পাঁচ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় রোববার এ তথ্য জানিয়েছে। রাশিয়ার মুরমানস্ক অঞ্চলের মুনোজিরো হ্রদে গতকাল মি-এইট মডেলের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। আরোহীদের দুই জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকীরা সবাই পানিতে ডুবে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র তাতিয়ানা যাকহারোভা বলেছেন, হেলিকপ্টারটি এখন পানির নিচে। ডুবুরিরা আরোহীদের উদ্ধারের চেষ্টা করছেন। একজন রুশ কর্মকর্তা বলেছেন, মৃতদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত আমরা ধরে নিচ্ছি তারা বেঁচে আছেন। এখনই তাদেরকে মৃত হিসেবে ঘোষণা করা যাচ্ছে না।   হেলিকপ্টারটির আরোহীদের মধ্যে মুরমানস্ক অঞ্চলের ডেপুটি গভর্নর, একজন উপমন্ত্রী ও ফসফেট কোম্পানি ‘আপাতিত’র প্রধান ছিলেন। তবে আঞ্চলিক প্রশাসন আরোহীদের নাম-পরিচয় জানাতে অস্বীকার করেছে। সূত্র: আইআরআইবি। [b]ঢাকা, ১ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]