logo
Search

আন্তর্জাতিক

‘সুযোগ থাকতেই দেশে ফিরে যান’, মার্কিন সেনাদের ইরানের হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা অবশিষ্ট মার্কিন সেনাদের দ্রুত দেশে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছেন ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি।

বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন সেনাদের উদ্দেশে তিনি বলেন, সুযোগ ও সময় থাকতে দেশে ফিরে গিয়ে নিজেদের সীমান্ত রক্ষায় মনোযোগ দেওয়া উচিত।

আজিজি দাবি করেন, ইরানের নৌবাহিনী পারস্য উপসাগরের নিরাপত্তা ব্যবস্থাপনায় নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। তার ভাষায়, পারস্য উপসাগরের নিরাপত্তা ও স্থিতিশীলতা পরিচালনার সক্ষমতা ইরানের রয়েছে।

তিনি বলেন, মার্কিন বাহিনীর অবশিষ্ট সদস্যদের হাতে থাকা সরঞ্জাম নিয়ে যত দ্রুত সম্ভব দেশে ফিরে যাওয়া উচিত।

এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বিও পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি সামরিক উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনী মনোবল, অস্ত্র ও যুদ্ধজাহাজ—সব দিক থেকেই বড় ধরনের ক্ষয়ক্ষতি ও দুর্বলতার মুখে পড়েছে।

মোহেব্বির দাবি, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক আগ্রাসনের আগে পারস্য উপসাগরে প্রায় ৩০ থেকে ৪০টি মার্কিন যুদ্ধজাহাজ ও নৌযান মোতায়েন ছিল। বর্তমানে ওই অঞ্চলে এসব মার্কিন নৌযানের একটিও নেই বলেও দাবি করেন তিনি।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

এস