গুলশানে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা উদ্বেগের কারণ দেখিয়ে ঢাকা থেকে সরিয়ে নেযা হচ্ছে আন্তর্জাতিক সম্মেলনগুলো।
ইতোমধ্যে আন্তর্জাতিক সম্মেলনগুলোর কয়েকটি সরিয়ে নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ২৪ থেকে ২৮শে জুলাই অনুষ্ঠেয় দ্য এশিয়া প্যাসিফিক গ্রুপের অর্থপাচার বিষয়ক বার্ষিক সভা।
আগামী ২৯শে সেপ্টেম্বর অনুষ্ঠেয় এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের টেলিকমিউনিকেশন্স বিষয়ক সম্মেলন হওয়ার কথা থাকলেও এখন তা আর হচ্ছে না।।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এশিয়া প্যাসিফিক গ্রুপ তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশের পরিবর্তে এখন বৈঠকটি সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। ভেন্যু পরে নির্ধারণ করা হবে বলে উল্লেখ করা হয়।
বিবৃতিতে কোনো কারণ দেখানো হয়নি। তবে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের সিনিয়র এক কর্মকর্তা বলেছেন, ঢাকায় সন্ত্রাসী হামলার কারণেই ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত এসেছে। অনুষ্ঠানে ৩৫০ জন বিদেশি প্রতিনিধির উপস্থিত থাকার কথা ছিল।
এদিকে, এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার আয়োজিত টেলিকমিউনিকেশন্স বিষয়ক আরেকটি সম্মেলন ঢাকায় হওয়ার কথা ছিল ২৯শে সেপ্টেম্বর।
আয়োজকরা জানিয়েছেন, সেটাও সরিয়ে নেয়া হচ্ছে। শ্রীলঙ্কা বা থাইল্যান্ডে সম্মেলনটি হতে পারে। এতে আনুমানিক ৪৫০ জন বিদেশি প্রতিনিধির যোগ দেয়ার কথা ছিল। আয়োজকদের একজন মোহাম্মদ আমিনুল হাকিম বিদেশিদের আতঙ্কগ্রস্ত না হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত আমাদের ওপর আস্থা রাখা। সরকার নিরাপত্তার বিষয়ে পদক্ষেপ নিচ্ছে।’
এদিকে, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন জেট্রো’র আয়োজনে জাপানে বাংলাদেশবিষয়ক সেমিনার বাতিল করা হয়েছে।
মঙ্গলবার জেট্রোর সদর দপ্তরে ‘বাংলাদেশে বিনিয়োগ উৎসাহ’ শীর্ষক এ সেমিনার হওয়ার কথা ছিল। এতে দুই শতাধিক জাপানি শীর্ষ বিনিয়োগকারীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। জেট্রোর ঢাকা অফিস এ তথ্য নিশ্চিত করেছে। ওই অনুষ্ঠানে বাংলাদেশের দুইজন প্রতিনিধি থাকার কথা ছিল।
আয়োজক সূত্র জানায়, এ সেমিনারের পর বছর শেষে বড় ধরনের একটি বিনিয়োগ সম্মেলন করার কথা ছিল। এই সেমিনার বাতিল করায় পরবর্তী আয়োজনটিও বাতিল করা হয়েছে।
সেমিনার বাতিলের বিষয়ে জেট্রো সূত্র জানিয়েছে, এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে বিনিয়োগ নিয়ে ইতিবাচক আলোচনার সুযোগ নেই।
এছাড়া অনুষ্ঠানে অতিথিরা বাংলাদেশের নিরাপত্তা ইস্যুতে প্রশ্ন তুলতে পারেন। এ কারণেই সেমিনারটি বাতিল করা হয়েছে।
এসএম/কেবি





