অবরুদ্ধ গাজা উপত্যকার নিরীহ মানুষদের উপর গত দু’দিনের ইসরাইলি বর্বর হামলায় অন্তত ৩০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এদের মধ্যে কমপক্ষে আটটি শিশু রয়েছে। মঙ্গলবার ও বুধবারের হামলায় অপর ১২০ জন আহত হয়েছে বলে গাজার হাসপাতাল সূত্র জানিয়েছে।

এদের মধ্যে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে মসজিদ ও শরণার্থী শিবিরের উপর ইসরাইলি বোমাবর্ষণে। গাজার পূর্বাঞ্চলীয় জেইতুন, দক্ষিণাঞ্চলীয় রাফাহ ও পশ্চিমাঞ্চলীয় দেইর আল-বালাহ শহরের উপর মূলত গত দু’দিনের হামলা কেন্দ্রীভূত ছিল। ইহুদিবাদী বাহিনী জানিয়েছে, তারা মঙ্গল ও বুধবার গাজা উপত্যকার ৬০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

গত ৮ জুলাই থেকে স্থল, আকাশ ও সমুদ্রপথে গাজার নিরপরাধ জনগোষ্ঠীর ওপর পাশবিক হামলা চালিয়ে যাচ্ছে মানবতার শত্রু ইসরাইল। তখন থেকে গত প্রায় দেড় মাসের পাশবিকতায় অন্তত ২,০৪৯ ফিলিস্তিনি নিহত ও ১০,২০০ জনের বেশি লোক আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশুসহ বেসামরিক নাগরিক।

অন্যদিকে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পাল্টা হামলায় ৬৪ জন ইসরাইলি সেনা ও তিন বেসামরিক ইহুদিবাদী নিহত হয়েছে। প্রতিরোধ যোদ্ধারা অবশ্য অন্তত দেড়শ’ ইসরাইলি সেনাকে খতম করার কথা জানিয়েছে। হামাস ইসরাইলি সামরিক অবস্থানকে টার্গেট করলেও বর্বর ইহুদিবাদীরা হামাসের কোনো ক্ষতি করতে না পেরে বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা করে যাচ্ছে।

ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই