প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২৯ লাখ ৭১ হাজার ছাড়িয়ে গেছে। আর এই মহামারিতে আক্রান্তের সংখ্যা ১৩ কোটি ৮০ লাখ ছাড়িয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, আজ (১৫ এপ্রিল) বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ৮০ লাখ ৩০ হাজার ৬৬ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৯ লাখ ৭১ হাজার ১৮১ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৭ কোটি ৮৬ লাখ ২৩ হাজার ৩৯৫ জন।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৪ লাখ ২০ হাজার ৮৮৮ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৪ হাজার ৩৯৬ জনের।
যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান তৃতীয় ও মৃত্যু বিবেচনায় দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩৬ লাখ ৭৩ হাজার ৫০৭ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৬১ হাজার ৮৮৪ জনের।
মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো তৃতীয় স্থানে আছে। আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৪ নম্বরে। মেক্সিকোতে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২২ লাখ ৯১ হাজার ২৪৬ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ১০ হাজার ৮১২ জনের।
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে চতুর্থ স্থানে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৮ লাখ ৭৩ হাজার ৮২৫ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৭২ হাজার ৮৫ জনের।
মৃত্যুর দিক থেকে পঞ্চম ও আক্রান্ত বিবেচনায় ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাজ্য। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৯৩ হাজার ৩৩০ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৭ হাজার ৪০৭ জনের।
মৃত্যুর দিক দিয়ে ষষ্ঠ এবং আক্রান্তের সংখ্যায় অষ্টম স্থানে রয়েছে ইতালি। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩৮ লাখ ৯ হাজার ১৯৩ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ১৫ হাজার ৫৫৭ জনের।
এদিকে, বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৯৮৭ জন। একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৫ হাজার ১৮৫ জন। ফলে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৩ হাজার ১৭০ জন।
একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৩৩৩ জন। এ নিয়ে দেশে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৫ লাখ ৯১ হাজার ২৯৯ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৪ দশমিক শূন্য ৯ শতাংশ।
বুধবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এমবি





