পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনা তদন্তে বাংলাদেশে এসেছে ভারতের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। চার সদস্যের এনআইএ দল আজ সোমবার বেলা ১১টার দিকে ঢাকায় পৌঁছায়। দুপুর আড়াইটায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের কমিটির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাদের।

এই বৈঠকে দুই দেশের নিরাপত্তা, জঙ্গি দমনে করণীয়, পার্বত্য এলাকায় শান্তি রক্ষা ইত্যাদি বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। বৈঠকে গোয়েন্দা সংস্থাগুলোর দফতর প্রধান ও পাবর্ত্য কেন্দ্রিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি উপস্থিত থাকবেন।

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্র জানায়, এনআইএ’র প্রতিনিধিদের সহায়তায় ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ পুলিশ। কমিটির অন্য সদস্যরা এনএসআই, ডিজিএফআই, এসবি, সিআইডিতে কর্মরত আছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

এর আগে এনআইয়ের বাংলাদেশে আসার কথা গতকাল রোববার সাংবাদিকদের জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি বলেন, ‘এনআইএর চার সদস্যের একটি দল সোমবার বাংলাদেশে আসবে। তাদের সহযোগিতা করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে একটি কমিটি করে দেওয়া হবে। কমিটি এনআইএ সদস্যদের সঙ্গে থেকে সহায়তা করবে।’

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন নয়। তবে এসব বিষয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা করবে সরকার।’

প্রসঙ্গত, গত ২ অক্টোবর পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণে দুজন নিহত হয়। ওই বিস্ফোরণের ঘটনার সঙ্গে বাংলাদেশের জঙ্গিরা জড়িত বলে সন্দেহ করছে ভারত।

এসএইচ