রাতভর পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার পর কাশ্মীরের সর্ববৃহৎ নগরী শ্রীনগরে আবারও সাধারণ মানুষের চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) শ্রীনগরের কয়েকটি অংশসহ কাশ্মীর উপত্যকার ১৭টি টেলিফোন এক্সচেঞ্জের ল্যান্ডফোনের সংযোগ সচল করাসহ কিছু বিধি-নিষেধ প্রত্যাহারের কথা জানানো হয়েছিল। 

এরপরই গত ২৪ ঘণ্টায় শ্রীনগরের বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষের পর আজ (১৮ আগস্ট) রোববার থেকে আবারও সেখানে নিরাপত্তাসহ নানা ক্ষেত্রে  কড়াকড়ি আরোপ করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।

যদিও ভারতীয় প্রশাসনের দাবি, কড়াকড়ি আরোপ করা হলেও নতুন করে কারফিউ জারি করা হয়নি।

কিন্তু বিভিন্ন সূত্র বলছে, রোববারও নগরীর বেশিরভাগ সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা হয়। কোথাও কোথাও নিরাপত্তা বাহিনী নিজেই স্থানীয়দের কারফিউ জারি আছে বলে জানিয়েছেন। 

সরকারি সূত্র বলছে, শ্রীনগরের ওল্ড সিটিতে শনিবার (১৭ আগস্ট) রাতে ভয়াবহ সংঘর্ষের পর অন্তত ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা প্রায় সবাই ছররা গুলির আঘাতে আহত হয়েছেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসনের মর্যাদা সম্বলিত সংবিধানের ৩৭০ ধারা ও ৩৫ ধারা বাতিল করে গোটা কাশ্মীরকে একতরফাভাবে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে ভারতের উগ্র-হিন্দুত্ববাদী বিজেপি সরকার।

এরপর থেকেই ১৪৪ ধারা জারি করে ভারত সরকার। তবে ধারা বাতিলের একদিন পর থেকেই ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ করেছে কাশ্মীরিরা। শান্তিপূর্ণ বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর গুলিতে অনেকেই নিহত হয়েছে। কিন্তু ভারত সবসময়ই বিক্ষোভের কথা অশিকার করে আসছে। এর ফলে কাশ্মিরে তীব্র উত্তেজনা দেখা দেয় এবং সম্ভাব্য গোলযোগ প্রতিহত করতে সেখানে নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা হয়।

ভারত সরকার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নিলে তীব্র প্রতিবাদ জানায় পাকিস্তান। ভারতের পদক্ষেপের কারণে ওই অঞ্চলে উদ্ভূত সংকটের প্রতি দৃষ্টি আকর্ষণ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানায় পাকিস্তান। কাশ্মীর প্রশ্নে ভারতের পদক্ষেপকে দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলে অভিহিত করা হয়েছে।

চীনও পাকিস্তানের পক্ষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বৃহস্পতি বা শুক্রবার কাশ্মীর নিয়ে বৈঠকে বসার আহ্বান জানায়। এরফলে জম্মু-কাশ্মীরের চলমান সংকট নিয়ে রুদ্ধদ্বার বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি)। শুক্রবার (১৬ আগস্ট) স্থানীয় সময় সকাল ১০টায় কাশ্মীর সংকট নিয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।

এমবি