ব্রাজিলের পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার এদুয়ারদো কানহাকে বরখাস্ত করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। তাকে বরখাস্তের জন্য অ্যাটর্নি জেনারেল আদালতকে অনুরোধ করেন।

অভিশংসনের প্রক্রিয়াধীন থাকা ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফের কড়া সমালোচক এদুয়ারদো। রুসেফের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনতে নেতৃত্ব দেন তিনি। দুর্নীতির তদন্তে বাধা দেওয়া এবং এ নিয়ে আইনপ্রণেতার ভয়ভীতি দেখানোর অভিযোগে এদুয়ারদোকে সুপ্রিম কোর্ট বরখাস্ত করেছেন।

বিবিসি অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

এদিকে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে দিলমা রুসেফ বলেছেন, ‘আমি লড়ে যাব।’আগামী সপ্তাহে ব্রাজিলের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে ভোটের পর প্রেসিডেন্ট পদ থেকে ১৮০ দিনের জন্য বরখাস্ত হতে যাচ্ছেন রুসেফ। এ সময়ে তার বিরুদ্ধে বিচার সম্পন্ন করবেন সাংবিধানিক আদালত।

অন্যদিকে রুসেফের বিরুদ্ধে অভিশংসনে নেতৃত্ব দেওয়া এদুয়ারদোও আগে থেকে দুর্নীতির দায়ে অভিযুক্ত। ঘুষ নেওয়া ও অর্থ পাচারের অভিযোগ আছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের সঙ্গে দেশটির সবচেয়ে বড় তেল কোম্পানি পেট্রোবাসের সম্পৃক্ততা রয়েছে।

পেট্রোবাসের কন্ট্রাক্ট পাইয়ে দেওয়ার কথা বলে ৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয় এদুয়ারদোর বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।

ব্রাজিলের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতায় তৃতীয় অবস্থানে থাকেন পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার। দ্বিতীয় অবস্থানে ভাইস প্রেসিডেন্ট। যদি প্রেসিডেন্ট পদত্যাগ করেন বা অভিশংসনে ক্ষমতা হারান অথবা মৃত্যু হয়, তাহলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে ভাইস প্রেসিডেন্ট বা স্পিকার প্রেসিডেন্ট হিসেবে অধিষ্ঠিত হন।

বর্তমান ভাইস প্রেসিডেন্ট মাইকেল তামের। তিনি পিএমডিবি পার্টির প্রধান নেতা। এ দলের প্রভাবশালী ব্যক্তিত্ব এদুয়ারদো।

সিনেটে অভিশংসন ইস্যুতে ভোটাভুটি হতে যাচ্ছে। যেহেতু সিনেটে রুফেসবিরোধীরা সংখ্যাগরিষ্ঠ, সেহেতু সিনেটে অভিশংসনের পক্ষেই ভোট পড়বে। তাই যদি হয়, তাহলে ক্ষমতা হারাবেন রুসেফ, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পাবেন ভাইস প্রেসিডেন্ট তামের।

তামের ও এদুয়ারদোর বিরুদ্ধে অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন রুসেফ। আর সরকারি তহবিল অপব্যয়ের অভিযোগ রয়েছে রুফেসের বিরুদ্ধে। এ অভিযোগে তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনা হয়।

ওএফ