ইয়েমেনের ইব প্রদেশে চলমান সহিংসতা নিরসনে শনিবার নতুন অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষর করেছে শিয়াভিত্তিক হাউথি বিদ্রোহী ও স্থানীয় উপজাতিরা। খবর আলজাজিরার।

প্রদেশটিতে গত শুক্রবার উভয়পক্ষ ২৪ ঘণ্টার এক অস্ত্রবিরতি চুক্তি করে। এরপর শনিবারই ইয়ারিম শহরে এক সংঘর্ষে অন্তত ২০ জন নিহতের পর দ্বিতীয় এ চুক্তিটি করা হল।

নতুন এ চুক্তি অনুযায়ী উভয়পক্ষই দ্রুত অস্ত্রবিরতি কার্যকর করবে। এ ছাড়া সামরিক আগ্রাসন বন্ধ, স্থানীয় সরকারকে সহযোগিতা ও সংকট নিরসনে দ্রুত কমিটি গঠনে সম্মত হয়েছে উভয়পক্ষ।

দেশটির রাজধানী সানা থেকে ১৫০ কিলোমিটার দূরে ও বাইদা সীমান্তে অবস্থিত ইব শহরে গত মঙ্গলবার থেকে একিউএপি'র (আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা) সদস্যদের সঙ্গে হাউথি যোদ্ধাদের সংঘর্ষ চলে আসছে।

গত ২১ সেপ্টেম্বর সানা'র নিয়ন্ত্রণ নেওয়ার পর ইব প্রদেশের দিকে অগ্রসর হয় হাউথি বিদ্রোহীরা। দেশটির উত্তরাঞ্চলের দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে তারা।

 

ইআর