ফিলিপাইনে একটি মসজিদে গ্রেনেড হামলায় নিহত হয়েছেন কমপক্ষে দু’জন। আহত হয়েছেন চারজন। বুধবার খুব ভোরে এ ঘটনা ঘটে। দক্ষিণাঞ্চলীয় ফিলিপাইনে একটি চার্চে বোমা হামলার কয়েকদিন পরে এ ঘটনা ঘটলো। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

 আঞ্চলিক সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জেরি বেসানা বলেছেন, জামবোয়াঙ্গা শহরে ওই মসজিদের ভিতরে একটি গ্রেনেড ছোড়া হয়। এতে নিহত হন ওই দু’জন। হতাহতরা হামলার সময় মসজিদের ভিতরে ঘুমাচ্ছিলেন।

উল্লেখ্য, গত রোববার মান্দানাওয়ের প্রত্যন্ত এলাকায় একটি গির্জায় বোমা হামলা হয়। এতে কমপক্ষে ২১ জন নিহত হন। এ হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট।

তবে বুধবার মসজিদে ওই হামলা গির্জায় হামলার প্রতিশোধ কিনা তা নিশ্চিত করে বলতে পারে নি কর্তৃপক্ষ। তবে হামলাকারীদের ধরার জন্য পুলিশ চেষ্টা করছে। 

এমআর