বাজেট কাঁটছাট করতে ইন্দোনেশিয়ার সরকারি কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক চলাকালে দামী খাবারের পরিবর্তে স্থানীয় সস্তা খাবার খাওয়া এবং জাঁকজমক পার্টি বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। আমলাদের অতিরিক্ত ব্যয়ের লাগাম টেনে ধরতে দেশটির নতুন সরকারের পদক্ষেপের মুখে এ নির্দেশনা জারি করা হয়েছে।
একজন মন্ত্রী বলেছেন, উচ্চ পর্যায়ের সরকারি পার্টিগুলোতে অতিথি সংখ্যা ৪০০জনের মধ্যে সীমাবদ্ধ রাখা এবং আপ্যায়নের জন্য কাসাভা, ভুট্টা ও আলুর পিঠার মতো খাবার পরিবেশনের নির্দেশ দেয়া হয়েছে।
শুক্রবার বার্তা সংস্থা এএফপির এক খবরে বলা হয়েছে, গত মাসে ক্ষমতায় আসা নতুন প্রেসিডেন্ট জোকো উইদোদো একজন মিতব্যয়ী ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি সরকারি ব্যয় কাঁটছাট করার উদ্যোগ নিয়েছেন। একই সঙ্গে দেশে গণতন্ত্র চর্চার সুযোগ সৃষ্টি করা তার প্রধান লক্ষ্য বলেও উল্লেখ করেছেন।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ইতোমধ্যে তার আগামী বছরের ভ্রমণ ও বৈঠকের ব্যয় কমিয়ে এনেছেন। গত সপ্তাহে ছেলের স্নাতক ডিগ্রী লাভের অনুষ্ঠানে যোগ দিতে বিমানের বিজনেস ক্লাসের পরিবর্তে ইকোনমি ক্লাসে করে সিঙ্গাপুর ভ্রমণ করেন। তার এ উদ্যোগ প্রশংসিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে আমলাতান্ত্রিক সংস্কারবিষয়ক মন্ত্রী ইয়াদি কৃসনানদি এক সরকারি কর্মকর্তাদের সস্তা খাবার খাওয়ার নির্দেশ দিয়ে বলেন, ‘অতিরিক্ত যেকোনো কিছু বন্ধ করুন।’
তিনি বলেন, দামী খাবার খাওয়ার কারণে অতিভোজী সরকারি কর্মকর্তারা কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপের ঝুঁকিতে রয়েছেন। স্থানীয় খাবার কিনে তারা স্থানীয় কৃষকদের সহায়তা করার পাশাপাশি নিজের শরীরের প্রতিও যত্ননিতে পারেন।
মন্ত্রী বলেন, এ আইন ডিসেম্বরের প্রথম দিন থেকেই সকল মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের ওপর প্রযোজ্য হবে। আর যারা এ নির্দেশ অমান্য করবেন, তাদের পদাবনতি ও অন্যান্য সুযোগ-সুবিধা বন্ধ করে দেয়া হবে।
দুর্নীতির অভিযোগে ইমেজ-সংকটে ভোগা দেশটির বিদ্যুৎমন্ত্রী এরই মধ্যে অনুমোদিত খাবার, পানীয়র তালিকা নিজের মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জানিয়ে দিয়েছেন। পানীয়র তালিকায় তিনি কেবল চা, কফি ও মিনারেল ওয়াটার রেখেছেন। এর মাধ্যমে তিনি ইমেজ পুনরুদ্ধারের চেষ্টা করছেন।
দেশটিতে বিলাসবহুল পার্টির ওপর নিষেধাজ্ঞা আগামী বছরের শুরুতে কার্যকর হবে।
চীনা নেতা জিন পিং ২০১২ সালে ক্ষমতায় এসে দুর্নীতিবিরোধী অভিযান শুরুর প্রাক্কালে এ ধরনের উদ্যোগ নিয়েছিলেন।
এমএ





