১২ জুন মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের রাজধানী সেইন্ট পলের ২৫ তলা উঁচু ইউবিএস টাওয়ারের দেয়াল বেয়ে একেবারে উঁচুতে পৌঁছেছে ছোট্ট একটি র‌্যাকুন। এমন দৃশ্য ইন্টারনেট তোলপাড় শুরু করে দিয়েছে। খবর টাইম, দ্য গার্ডিয়ান।

সাধারণত এ প্রাণী মানুষের পরিবেশ থেকে দূরেই থাকে। তবে ব্যতিক্রম এই র‍্যাকুনটিকে প্রথমে ইউবিএস টাওয়ারের গলিতে দেখা যায়। সেখানকার মেরামত কর্মীরা প্রাণীটিকে নিরাপদ স্থানে রেখে আসে। কিন্তু সে স্থান তার পছন্দ হয়নি। কিছুক্ষণ পরেই ইউবিএস টাওয়ার নামে শহরের সবচেয়ে উঁচু ভবনগুলোর একটি বেয়ে উপরে ওঠা শুরু করে।

স্থানীয় রেডিও স্টেশন এমপিআর প্রথমে এই র‍্যাকুন দুঃসাহসিকতার খবর প্রকাশ করে।

এরপরই ইন্টারনেটে শুরু হয় তার দেয়াল বেয়ে ওঠার ভিডিও আর ছবি শেয়ার। তার এই যাত্রার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা একের পর এক শেয়ার দিতে থাকেন #এমপিআরর‍্যাকুন ক্যাপশন দিয়ে।

কোন কোন স্থানীয় গণমাধ্যমে সরাসরি প্রচার করা হয় র‍্যাকুনটির দেয়াল বেয়ে ওঠার ঘটনা। ২২ তলা ওঠার পর কিছুক্ষণ বন্ধ জানালার পাশে কিছুক্ষণ বিশ্রাম নিতে দেখা যায় প্রাণীটিকে। রাতে র‍্যাকুনটিকে পুনরায় নিচে নেমে আসতে দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

উল্লেখ্য, র‍্যাকুন হচ্ছে ছোট আকারের ভালুকজাতীয় মাংসাশী প্রাণী। এদের সাধারণত উত্তর আমেরিকায় দেখতে পাওয়া যায়। এদের সাধারণত উত্তর আমেরিকায় দেখতে পাওয়া যায়।সাধারণত এরা ভীতু প্রকৃতির হয়ে থাকে।

জেড