প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে বিধ্বস্ত ফ্লাইট 'এমএস৮০৪'-এর আরোহীদের দেহাবশেষ, লাগেজ ও বিমানটির আসন ভাসছে ভূমধ্যসাগরে। ভূমধ্যসাগরে অনুসন্ধানকারী দলের বরাতে এ কথা জানিয়েছে গ্রিস কর্তৃপক্ষ।

এর আগে শুক্রবার বিকালে ইজিপ্ট এয়ার টুইটারে নিজস্ব অ্যাকাউন্টে দেয়া এক বার্তায় বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষের একাংশ ও যাত্রীদের কিছু মালামালের সন্ধান পাওয়ার কথা জানিয়েছিল।

ফ্লাইট এমএস ৮০৪-এর ধ্বংসাবশেষের সন্ধান পাওয়ার খবর নিশ্চি করে এর আরোহীরা সবাই মারা গেছে এমন আশংকার কথা জানিয়ে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় বার্তায়।

গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী পানোস কামেনোস জানান, আরোহীদের দেহাবশেষ, বিমানের দুটি আসন এবং অন্তত একটি স্যুটকেস পাওয়া গেছে।

তিনি বলেন, বিমানটি যে এলাকার উপরে রেডারযন্ত্র থেকে উধাও হয়ে গিয়েছিল তার সামান্য দক্ষিণে এসব বস্তুর সন্ধান মিলেছে। এখন বিমানটির ব্ল্যাক বক্সের খোঁজে তল্লাসি চলছে।

মিশরের সেনা বাহিনীর মুখপাত্র জানান, মিশরের আলেকজান্দ্রিয়া উপকূল থেকে ২৯০ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে বিধ্বস্ত ফ্লাইটটির ধ্বংসাবশেষ ও যাত্রীদের মালামাল উদ্ধার করা হয়েছে। এরপর মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি নিহতদের রুহের মাগফেরাত কামনা করেছেন।

ইজিপ্ট এয়ার জানায়, মিশরের সময় বৃহস্পতিবার রাত আড়াইটায় দেশটির আকাশসীমায় প্রবেশের আগ মুহূর্তে তাদের এয়ারবাস এ-৩২০ বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বিমানটিতে তিন শিশুসহ ৫৬ জন যাত্রী ছিলেন। এছাড়া সাতজন ক্রু ও তিনজন নিরাপত্তা কর্মী ছিলেন।

যাত্রীদের মধ্যে ৩০ জন মিশরের, ১৫ জন ফ্রান্সের ও দু'জন ইরাকি ছাড়াও ব্রিটেন, কানাডা, বেলজিয়াম, কুয়েত, সৌদি আরব, আলজেরিয়া, সুদান, চাদ ও পর্তুগালের নাগরিক ছিলেন। সূত্র: বিবিসি, সিএনএন।

এমবি