ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, গণহত্যা থেকে নজর ফেরানোর অপচেষ্টায় অবরুদ্ধ গাজা উপত্যকার অংশ বিশেষে কথিত একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইহুদিবাদী ইসরাইল।
আজ (সোমবার) সকালে দেয়া বিবৃতিতে এ কথা বলেছেন হামাসের মুখপাত্র সামি আবু জাহরি।
তিনি বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকার গণহত্যা থেকে নজর ফেরানোর অপচেষ্টায় কথিত একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইহুদিবাদী ইসরাইল।
সামি বলেন, হামাস এ যুদ্ধবিরতিকে বিশ্বাস করে না এবং ফিলিস্তিনিদের এ বিষয় সতর্ক থাকতে হবে।
ইহুদিবাদী ইসরাইল এর আগে ঘোষণা করেছে গাজার বেশিরভাগ এলাকায় আজ সাত ঘণ্টা যুদ্ধবিরতি পালন করা হবে।
এ বিবৃতিতে বলা হয়েছে, জিএমটি অনুযায়ী আজ সকাল ৭ থেকে দুপুর ২টা পর্যন্ত গাজায় এ যুদ্ধবিরতি কার্যকর হবে। দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে যুদ্ধ চলছে এবং এ শহরও এর আওতায় পড়বে বলে বিবৃতিতে বলা হয়েছে।
বিপাকে পড়ে এর আগেও যুদ্ধবিরতির আশ্রয় নিয়েছে ইসরাইল। গত শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং জাতিসংঘের মধ্যস্থায় ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণার পর তা ৭২ মিনিটেরও কম সময়ের মধ্যে ভেঙ্গেছে ইহুদিবাদী ইসরাইল।
গত ২৮ দিনের সংঘর্ষে মানবতার শত্রু ইসরাইল গাজার বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা করেছে। তাদের গণহত্যার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১,৮৫০ গাজাবাসী যাদের শতকরা ৮০ ভাগ নারী ও শিশু। আহত হয়েছেন আরো ৯,৩০০ ফিলিস্তিনি।
অন্যদিকে হামাসের যোদ্ধাদের হামলায় অন্তত ১৫০ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে। তেল আবিব অবশ্য লে. গোলদিনসহ নিজের প্রায় ৭০ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে।
পর্যবেক্ষকরা বলছেন, আরব দেশগুলোর রাজা-বাদশারা যখন ইসরাইলের গণহত্যার নিন্দা জানাতে পর্যন্ত ভয় পাচ্ছেন তখন হামাসের অকুতোভয় যোদ্ধাদের হাতে প্রায় ৭০ ইসরাইলি সেনা নিহত হওয়াকে প্রতিরোধ আন্দোলনের বিশাল সাফল্য হিসেবেই দেখা হচ্ছে। (সূত্র: আইআরআইবি)
ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেবি





